অর্থ সহায়তা পেতে কঠিন শর্ত মানতে হলো পাকিস্তানকে

অর্থনীতিকে চাঙ্গা করতে আন্তর্জাতিক অর্থ তহবিলের কঠিন শর্ত মেনে নিতে বাধ্য হলো পাকিস্তান। আইএমএফ, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, বিশ্বব্যাংক, জাপান, আমেরিকা ও ব্রিটেনের কাছ থেকে এক হাজার ১০০ কোটি ডলারের বিপুল পরিমাণ অর্থ সাহায্য পেতেই পাকিস্তান কঠিন শর্ত মেনে নিয়েছে। -খবর কলকাতার বর্তমান পত্রিকার। মঙ্গলবার পাক অর্থমন্ত্রী ইশাক দারের সাথে আইএমএফ প্রতিনিধি দলের এক বৈঠকে ৫৪০ কোটি মার্কিন ডলার ঋণ পাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। এছাড়া এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, বিশ্বব্যাংক, জাপান, আমেরিকা ও ব্রিটেনের কাছ থেকে আরো ৫৬০ কোটি মার্কিন ডলারের অর্থ সহায়তা পাওয়ার বিষয়টিও একপ্রকার নিশ্চিত হয়েছে। পাকিস্তানের দৈনিক ডন তার খবরে জানিয়েছে, এই ঋণ পেতে সরকারকে আর্থিক ঘাটতি ৪.৫ শতাংশে নামিয়ে আনতে শর্ত দেয়া হয়েছে। এছাড়া বিদ্যুত্ খাতে কর বাড়াতে এবং বিভিন্ন খাতে ভর্তুকি কমিয়ে আনার মতো কড়া শর্ত জুড়ে দেয়া হয়েছে। পাকিস্তানের অর্থনীতিবিদরা মনে করছেন, অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে সরকার এইসব শর্ত মেনে নেয়ার ফলে দেশটিতে দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে সাথে বিভিন্ন ক্ষেত্রে কর্মী ছাঁটাইয়ের ঘটনা বাড়বে।