নড়াইলে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষ, আহত ৪

ক্যাম্পাসে আধিপত্য বিস্তার নিয়ে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজে ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষে উভয় দলের কমপক্ষে ৪ জন আহত হয়েছে। সংঘর্ষের সময় ছাত্রলীগের সশস্ত্র ক্যাডাররা শহরের রুপগঞ্জ বাজারের আমরা জিয়ার অনুসারী কার্যালয় ভাংচুর করে। বুধবার দুপুরে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। আহত ছাত্রলীগের ভিক্টোরিয়া কলেজ শাখার সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন (২৪) ও সদস্য নিশান (২১) এবং ছাত্রদলের ভিক্টোরিয়া কলেজ শাখার সদস্য জসিম উদ্দিনকে (২৩) সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছাত্রদলের ভিক্টোরিয়া কলেজ শাখার সদস্য ইকতিয়ার হোসেনের (২২) অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় কলেজ ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে নড়াইল জেলা ছাত্রলীগ ও ছাত্রদল এ ঘটনার জন্য পরস্পর পরস্পরকে দায়ী করছে। কলেজের অধ্যক্ষ বরুণ কুমার বলেন, এ ঘটনার পর ক্যাম্পাসে নিরাপত্তার জন্য পুলিশ চেয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অনুরোধ জানানো হয়েছে এবং পুলিশ প্রহরায় ক্লাস চলবে বলে তিনি জানান।