কক্সবাজার বার্মিজ স্কুলে ক্লাস হয় বারান্দায়

কক্সবাজার সরকারি বার্মিজ প্রাথমিক বিদ্যালয়ে পর্যাপ্ত শ্রেণিকক্ষের অভাবে শিক্ষার্থীরা ক্লাস করে বারান্দায় বসে। বৃষ্টি হলে জরাজীর্ণ ভবনের বারান্দায় বসেও ক্লাস করা সম্ভব হয় না শিক্ষার্থীদের। প্রধান শিক্ষিকা ইসমত আরা বেগম জানান, নানা সমস্যায় জর্জরিত কক্সবাজার শহরের বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ে ১ম থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ১০টি শাখায় ৫ শতাধিক ছাত্র-ছাত্রী রয়েছে। ১৮৮২ সাল থেকে শুরু হওয়া বিদ্যালয়ের অবকাঠামোগত কোন পরিবর্তন হয়নি। পাঁচটি শ্রেণিকক্ষে ৫ শতাধিক ছাত্র-ছাত্রীর ক্লাস নেয়া সম্ভব হয় না। বাধ্য হয়ে বারান্দায় ক্লাস নিতে হয়। বৃষ্টি শুরু হলে স্কুলে ছাত্র-ছাত্রীদের লেখাপড়া বন্ধ থাকে। স্কুলে ফার্নিচার সংকট এবং টয়লেট ও টিউবওয়েলের অভাব রয়েছে। এ মুহূর্তে কমপক্ষে আরো তিনটি শ্রেণিকক্ষ বাড়ানো দরকার এবং বিদ্যালয়টি পুনঃমেরামত করা দরকার। শিক্ষার্থীরা জানায়, স্কুলের টয়লেটটি দীর্ঘদিন ধরে ব্যবহার অনুপযোগী। এছাড়া শ্রেণিকক্ষের অভাবে অনেককেই মেজেতে বসে ক্লাস করতে হয়। অন্যান্য শিক্ষক জানান, বিদ্যালয়ের মূল ভবনের পাশে পরিত্যক্ত কয়েকটি কক্ষ রয়েছে, সেখানে জুয়াড়ি ও মাদকসেবীদের প্রতিদিনই আড্ডা বসে। এ ব্যাপারে ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।