পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি
অস্থিতিশীল হয়ে পড়ছে
প্রকাশ : ০৩ জুলাই ২০১৩, ২১:৪৪
খাগড়াছড়ি জেলা বিএনপি মঙ্গলবার সন্ধ্যায় সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে দাবি করেছে, সরকার পার্বত্য ভূমি কমিশন আইন সংশোধন ও জাতীয় সংসদে পাসের নামে পার্বত্য অঞ্চলে শান্তি বিনষ্টের ষড়যন্ত্র করছে। পার্বত্য ভূমি কমিশন আইন সংশোধন প্রক্রিয়াকে ঘিরে পাবর্ত্য চট্টগ্রামের পরিস্থিতি দিন দিন অস্থিতিশীল হয়ে পড়ছে। সরকার ও একটি আঞ্চলিক দল আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী বৈতরণী পার হওয়ার লক্ষ্যে পরিকল্পিতভাবে পার্বত্য পরিস্থিতিকে ঘোলাটে করছে বলেও অভিযোগ করেন জেলা বিএনপি। বিবৃতিতে উল্লেখ করা হয়, সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, হত্যা, গুম, অপহরণ, সর্বোপরি সংবিধান সংশোধনের ফলে উপজাতীয় জনগণ বর্তমান সরকারের উপর যখন ক্ষুব্ধ, পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতি যখন খুবই নাজুক এমনি অবস্থায় সরকার পাবর্ত্য ভূমি কমিশন আইন সংশোধন করে পরিস্থিতিকে আরো অবনতির দিকে ঠেলে দিচ্ছে। বিবৃতিতে পার্বত্য চট্টগ্রামে বিএনপি ধর্ম-বর্ণ জাতি নির্বিশেষে সকলকে শান্তিপূর্ণ সহ-অবস্থানের আহবান ও আশ্বস্ত করে বলেছেন, আগামী নির্বাচনে বিএনপি নির্বাচিত হলে পাহাড়ে চলমান সকল সমস্যার শান্তিপূর্ণ সমাধান দেবে।