দৌলতপুরে গলা কেটে কৃষক হত্যা

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সদর ইউনিয়নের চুয়ামল্লিকপাড়া এলাকা থেকে হাবিবুর রহমান হবি (৫০) নামে এক কৃষকের গলাকাটা লাশ উদ্ধার করেছে দৌলতপুর থানা পুলিশ। সে পার্শ্ববর্তী দড়িপাড়া গ্রামের আব্দুল করিমের পুত্র। এ ব্যাপারে নিহতের ভাই হামিদুল ইসলাম বাদি হয়ে দৌলতপুর থানায় মামলা করেছে। পুলিশ হত্যাকাণ্ডের সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি। প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১০ টায় চুয়ামল্লিকপাড়া থেকে দরিপাড়া যাবার পথে জনৈক রমজান ও রববান আলীর বাগান সংলগ্ন ইটের রাস্তায় হাবিবুর রহমান হবিকে গলা কাটা অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। এলাকাবাসীর সহায়তায় পুলিশ হবিকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করে। বুধবার সকালে লাশের ময়না তদন্তের জন্য কুষ্টিয়া মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ। এলাকাবাসী জানায়, সমপ্রতি হাবিবুর রহমান হবি তার প্রথম স্ত্রী ও দু’সন্তান রেখে পার্শ্ববর্তী চুয়ামল্লিকপাড়া গ্রামের এক বিধবাকে গোপনে বিয়ে করে। বিষয়টি দু’দিন আগে জানাজানি হওয়ার পর থেকে সে তার দ্বিতীয় স্ত্রীর বাড়িতেই অবস্থান করছিল। দৌলতপুর থানার ওসি রবিউল ইসলাম বলেন, নিহতের গলা ও শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।