নাগেশ্বরীতে ব্রিজের স্লাব ধসে গেছে

নাগেশ্বরীতে ভিতরবন্দ-নুনখাওয়া সড়কে দিগদারী ব্রিজের উপরিভাগের স্লাব ধসে ও রেলিং ভেঙ্গে ঝুঁকিপূর্ণ হওয়ায় স্থানীয়ভাবে কাঠ বিছিয়ে চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে চার ইউনিয়নের ৩০ হাজার মানুষ। নুনখাওয়া, নারায়ণপুর ও বল্লভেরখাস ইউনিয়নের সাথে উপজেলা সদরে যোগাযোগের একমাত্র সড়কে দিগদারী বিলের উপর ১৯৬৫ সালে ব্রিজটি নির্মিত হয়। দীর্ঘদিন সংস্কারের অভাবে ব্রিজের অবকাঠামো দুর্বল হয়ে পড়েছে। পিলারের গাঁথুনি খুলে পড়ছে। রেলিং ভেঙ্গে গেছে অনেক আগে। ৭ মাস আগে ঐ সড়কে আর একটি নতুন ব্রিজের ভারী মালামাল এর উপর দিয়ে পরিবহন করার সময় ব্রিজের উপরের স্লাব ধসে যায়। ফলে স্থানীয়ভাবে কাঠের গুঁড়ি দিয়ে বিম ও কাঠের পাটাতন বিছিয়ে চরম ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করছে চার ইউনিয়নের মানুষ। বন্ধ হয়ে গেছে মালামাল পরিবহন। ভুক্তভোগীরা জানান, ব্রিজটি ভেঙ্গে যাওয়ায় মৃত্যুর ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় আমাদের। অনেকটা ঘুরে বিকল্প পথে মালামাল আনা-নেয়া করতে অতিরিক্ত টাকা খরচ করতে হচ্ছে। উপজেলা প্রকৌশলী মাসুদুজ্জামান জানান, পুরোনো ব্রিজটি ভেঙ্গে ৬০ ফুট গার্ডার ব্রিজ করার জন্য ১ কোটি টাকার প্রাক্কলন ব্যয় ধরে ঢাকায় প্রস্তাব পাঠানো হয়েছে।