সৈয়দপুরে ছাত্রাবাস খুলে দেয়ার দাবিতে মিছিল
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
প্রকাশ : ০৩ জুলাই ২০১৩, ২১:৪৮
উপজেলা সদরের সরকারি কারিগরি স্কুল এন্ড কলেজের বন্ধ ছাত্রাবাস খুলে দেয়ার দাবিতে শিক্ষার্থীরা মঙ্গলবার শহরে মিছিল করে।
তারা বিভিন্ন প্লাকার্ডসহ শহর প্রদক্ষিণ এবং অবিলম্বে দূরবর্তী শিক্ষার্থীদের কথা বিবেচনা করে তালাবদ্ধ ছাত্রাবাস খুলে দেয়ার জন্য জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, পৌর মেয়র ও অধ্যক্ষ বরাবরে স্মারকলিপি প্রদান করে। জেলার শিক্ষানগরী সৈয়দপুরের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান সরকারি কারিগরি মহাবিদ্যালয়। ২০১৩ সালে এসএসসি পরীক্ষায় অত্র প্রতিষ্ঠান দিনাজপুর শিক্ষা বোর্ডে ২য় স্থান অধিকার করে।
প্রতিষ্ঠানটির লেখাপড়ার মান ও প্রতিবছর অব্যাহতভাবে ভালো ফলাফল করার কারণে শুধু নীলফামারী নয়, রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁওসহ অন্যান্য অঞ্চল থেকেও ছাত্র-ছাত্রী এসে এখানে লেখাপড়া করছে। ফলে তাদেরকে আবাসন সমস্যায় পড়তে হয়। এই ছাত্রাবাসে প্রায় ৯০ জন দূরবর্তী স্থানের ছাত্র কম খরচে অবস্থান করে লেখাপড়া করতো। কিন্তু বর্তমানে ছাত্রাবাসটি সীলগালা করে দেয়ায় শিক্ষার্থীদের নানা সমস্যায় পড়তে হচ্ছে। বাইরের মেসে অস্বাস্থ্যকর পরিবেশ ও নিম্নমানের খাবারের ফলে অনেকেই অসুস্থ হয়ে পড়ছে। ফলে লেখাপড়ার চরম ব্যাঘাত ঘটছে। জানা যায়, সাভারের রানা প্লাজা ধসের পর ছাত্রাবাসে কিছু ফাটল দেখে সবাই আতংকগ্রস্ত হয়ে পড়ে।