দুই হাজার কোটি টাকার বাজেট ঘোষণা
প্রকাশ : ০৩ জুলাই ২০১৩, ২১:৫২
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২০১৩-১৪ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। রাজস্ব ও উন্নয়নসহ মোট ১৯৮৪ কোটি ৫৩ লাখ টাকার বাজেট চূড়ান্ত করা হয়েছে। বুধবার গুলশান স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে এ বাজেট ঘোষণা করা হয়। ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক আখতার হামিদ ভুঁইয়া এ বাজেট উপস্থাপন করেন।
২০১৩-১৪ অর্থ বছরে নিজস্ব আয় থেকে (রাজস্ব) ৭৪৬ কোটি ৫৩ লাখ টাকা আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে হোল্ডিং ট্যাক্স বাবদ ৩৮৮ কোটি টাকা, বাজার সালামি ও ভাড়া বাবদ ১৩৬ কোটি ৫০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ট্রেড লাইসেন্স ফি বাবদ ২৫ কোটি, বিজ্ঞাপন ফি বাবদ ১০ কোটি, বাস-ট্রাক টার্মিনাল থেকে ৬ কোটি ৫০ লাখ, পশুর হাট ইজারা বাবদ ১২ কোটি, রাস্তা খনন ফি বাবদ ৪০ কোটি, যন্ত্রপাতি ভাড়া বাবদ ১ কোটি, সম্পত্তি হস্তান্তর খাতে ১১০ কেটি টাকা, অকট্রয় ক্ষতিপূরণ বাবদ ৮০ লাখ, বিদ্যুত্ বিল আদায় খাতে ৬ কোটি এবং অন্যান্য আয় থেকে প্রায় ১ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। সরকারি উন্নয়ন অনুদান (বিশেষ অনুদানসহ) খাতে নির্ধারণ করা হয়েছে ১৮ কোটি টাকা। অন্যদিকে, সরকারি ও বৈদেশিক সাহায্য প্রকল্প খাতে নির্ধারণ করা হয়েছে প্রায় ৪৯৩ কোটি টাকা।
এছাড়া, সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) প্রকল্প থেকে ৩৪ কোটি এবং সরকারি ও বৈদেশিক সাহায্য প্রস্তাবিত প্রকল্প থেকে ৬৩৯ কোটি ৪৯ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।