মানবাধিকার নিশ্চিত করতে শিশুর অধিকার ফিরিয়ে দেয়া জরুরি
প্রকাশ : ০৩ জুলাই ২০১৩, ২১:৫৩
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, দেশের জনসংখ্যার প্রায় অর্ধেক শিশু। তাদের সার্বিক উন্নয়নের ওপর নির্ভর করছে আগামী দিনের জাতীয় উন্নয়ন। বাংলাদেশে মানবাধিকার নিশ্চিত করতে হলে শিশু অধিকার নিশ্চিত করা জরুরি।
মেহের আফরোজ বলেন, শিশু অধিকার নিশ্চিত করার বিষয়ে জাতিসংঘ শিশু অধিকার সনদের সুপারিশ বাস্তবায়নে প্রায় সকল পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। শিশু আইন-২০১৩, জাতীয় শিশু নীতি-২০১১, শিশু শ্রম নিরসন আইন, মানব পাচার প্রতিরোধ আইন বাংলাদেশে শিশু অধিকার সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গতকাল সাভারের হোপ ফাউন্ডেশনে ‘ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ)-এর বার্ষিক কর্ম-পরিকল্পনা বাস্তবায়ন’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী একথা বলেন। কর্মশালায় সেভ দ্যা চিলড্রেন, প্লান বাংলাদেশ এবং বাংলাদেশ শিশু একাডেমীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।-প্রেস বিজ্ঞপ্তি