পাঁচ বছরে সিএসআরে ব্যয় বেড়েছে ৭ গুণ

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, সামাজিক দায়বোধ এখন সমগ্র আর্থিক খাতের প্রাতিষ্ঠানিকীকরণের অংশ হয়ে উঠেছে। এ লক্ষ্যে গত পাঁচ বছরের ব্যবধানে করপোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি (সিএসআর) খাতে ব্যাংকগুলোর ব্যয় বেড়েছে প্রায় সাড়ে সাত গুণ। বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘এক্সিম ব্যাংক বৃত্তি প্রদান অনুষ্ঠান-২০১৩’ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার এবং ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া। গভর্নর বলেন, বাংলাদেশ ব্যাংক থেকে জনগণের কর্মসংস্থান, আয় ও উত্পাদনমুখী উদ্যোগগুলোকে বেগবান করতে নানা উদ্যোগ হাতে নেয়া হয়েছে। ব্যাংকগুলোর সিএসআর কার্যক্রমের আওতায় ২০০৮ সালে ব্যয় ছিল ৪১ কোটি টাকা, গত বছরে ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৩শ ৫ কোটি টাকা। তিনি বলেন, দেশে আর্থিক কর্মকাণ্ডের এমন ধারা চলতে থাকলে অচিরেই আমরা মধ্য আয়ের দেশে পরিণত হব। বর্তমানে দেশে মানুষের মাথাপিছু আয় ৯২০ মার্কিন ডলার। ২০১৫ সাল নাগাদ এই মাথাপিছু আয় হবে এক হাজার ২৪ ডলার।