গণজাগরণ মঞ্চের হরতাল বিরোধী মিছিল
প্রকাশ : ০৩ জুলাই ২০১৩, ২২:৪০
ছাত্রশিবিরের ডাকা হরতাল প্রত্যাখ্যান করে মিছিল করেছে গণজাগরণ মঞ্চ। একইসঙ্গে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধসহ ছয় দফা বাস্তবায়নে সরকারকে এখনই উদ্যোগ নেয়ার আহবান জানিয়েছেন মঞ্চের সংগঠকরা। গতকাল বুধবার বেলা ১১টার দিকে শাহবাগ থেকে হরতাল বিরোধী মিছিলটি শুরু হয়। টিএসসি হয়ে মিছিলটি আবার শাহবাগে আসে। এরপর কাঁটাবন হয়ে আবার শাহবাগে গিয়ে মিছিলটি শেষ হয়।
এদিকে মিছিল শুরুর আগে শাহবাগে দুটি ‘পটকা’ বিস্ফোরিত হয়। বেলা পৌনে ১১টার দিকে মোটর সাইকেলে করে কয়েকজন যুবক এসে শাহবাগে পূবালী ব্যাংকের সামনে ওই দুটি ‘পটকার’ বিস্ফোরণ ঘটিয়ে চলে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
এ প্রসঙ্গে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, পুলিশ বিস্ফোরণস্থলে কিছু কাগজ দেখতে পেয়েছে। দুটি পটকা ফাটানো হয়েছিল বলে ধারণা করছি। কাউকে আটক করা যায়নি।
পরে শাহবাগে সংক্ষিপ্ত সমাবেশে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, ছাত্রশিবিরের হরতাল প্রত্যাখ্যান করেছে দেশের মানুষ। হরতালে দোকানপাট, অফিস-আদালত ও স্কুল-কলেজ ছিল খোলা। গাড়ি চলেছে সকল সড়কে। বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
তিনি আরো বলেন, জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ না হওয়া পর্যন্ত জাতীয় জীবনে শান্তি আসবে না। ভবিষ্যতে যেকোনো পরিস্থিতি আসুক না কেন, যুদ্ধাপরাধীদের বিচার ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে আন্দোলন আরো বেগবান হবে।