টাঙ্গাইলে পিপি অফিসে তালা আওয়ামীপন্থি আইনজীবীদের
প্রকাশ : ০৩ জুলাই ২০১৩, ২২:৪২
ঘুষ নিয়ে হত্যা মামলার আসামিদের জামিনে সহায়তা করার অভিযোগে টাঙ্গাইল জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এস আকবর খানের অফিসে গতকাল বুধবার তালা ঝুলিয়ে দিয়েছে আওয়ামীপন্থি আইনজীবীরা। আইনজীবীরা প্রথমে তাকে পদত্যাগের জন্য চাপ দেন। তিনি তাতে অস্বীকৃতি জানিয়ে ছুটিতে যাওয়ার প্রস্তাব দিলে পরিস্থিতি শান্ত হয়। বিকাল চারটার দিকে অফিসের তালা খুলে দেয়া হয়।
আইনজীবীদের অভিযোগ, বিভিন্ন সময় ঘুষের বিনিময়ে আসামিদের জামিনে সহযোগিতা করতেন পিপি। সর্বশেষ গত মঙ্গলবার টাঙ্গাইলের গোপালপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন হত্যা মামলার ১৬ জন আসামি জামিনে মুক্তি পাওয়ার ব্যাপারে পিপি সহায়তা করেছেন।
এ ব্যাপারে এস আকবর খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আসামিদের জামিনের বিরোধিতা করেছি। কিন্তু আমার পক্ষে আওয়ামী আইনজীবীদের কেউ শুনানিতে অংশ নেন নাই। অফিসে তালা ঝুলিয়ে দেয়ার বিষয়টি তিনি স্বীকার করলেও ছুটি নেয়ার বিষয়টি অস্বীকার করেছেন। তবে তিনি একদিনের জন্য ঢাকা যাচ্ছেন বলে অতিরিক্ত পিপি মনিরুল ইসলাম খানকে অস্থায়ীভাবে দায়িত্ব দিয়েছেন।