শিবিরের হরতালে গুলি ও গ্রেফতারে জামায়াতের নিন্দা
প্রকাশ : ০৩ জুলাই ২০১৩, ২২:৪৩
গতকাল বুধবার দেশব্যাপী ইসলামী ছাত্রশিবিরের হরতাল চলাকালে বিভিন্ন স্থানে পুলিশের লাঠিচার্জ, গুলিবর্ষণ, গ্রেফতার ও ভ্রাম্যমাণ আদালত কর্তৃক কয়েকজনকে সাজা প্রদানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
তিনি এক বিবৃতিতে বলেন, হরতাল চলাকালে পুলিশ বিভিন্ন স্থানে শিবিরের নেতাকর্মীদের ওপর ব্যাপক লাঠিচার্জ, টিয়ারগ্যাস ও গুলিবর্ষণ করে। এতে অর্ধশতধিক নেতাকর্মী আহত হয়। প্রায় ৭০ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। শিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. দেলাওয়ার হোসেন ও জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দসহ গ্রেফতারকৃত সকল নেতাকর্মী ও আলেমদের মুক্তি, শিবিরের নিখোঁজ নেতাকর্মীদের খুঁজে বের করে আদালতে হাজির করা ও শিবিরকর্মী আবদুল আজিজের হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান। —প্রেস বিজ্ঞপ্তি