গত দশকে জলবায়ু সবচেয়ে চরমে পৌঁছে

জাতিসংঘের আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, চলতি শতাব্দীর প্রথম দশকে পৃথিবীর জলবায়ুতে নজিরবিহীন চরম অবস্থা দেখা গেছে। বিশ্ব আবহাওয়া সংস্থার এক রিপোর্টে বিশেষজ্ঞরা বলেন, ১৮৫০ সালে আধুনিক যুগ শুরুর পর গত দশকটিই ছিল পৃথিবীর উষ্ণতম দশক। খবর বিবিসির। সংস্থার নতুন রিপোর্টে বলা হয়, ২০০১-২০১০ সালে বিভিন্ন দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়; যা আগের দশকগুলোর তাপমাত্রার রেকর্ড ছাড়িয়ে যায়। এ সময়ে দাবদাহে মৃত্যুর সংখ্যায়ও রেকর্ড হয়। তবে বন্যায় মৃত্যুর সংখ্যা আগের চেয়ে কমেছে। প্রস্তুতি ও সতর্ক ব্যবস্থাপনার উন্নতির কারণে এটি হয়েছে। ২০০৩ সালে ইউরোপে ও ২০১০ সালে গ্রীষ্মকালে সবচে চরম অবস্থা ছিল। জলবায়ুর পরিবর্তন অব্যাহত থাকায় উন্নত তথ্য ব্যবস্থাপনা প্রয়োজন। প্রতিবেদনে জলবায়ুর চরম অবস্থার উদাহরণ হিসেবে যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় ক্যাটরিনার আঘাত, পাকিস্তানের বন্যা, আমাজন, অস্ট্রেলিয়া ও পূর্ব আফ্রিকায় খরার কথা উল্লেখ করা হয়। গত দশকে ভূমি ও সাগর দুই স্থানেই তাপমাত্রা বৃদ্ধির কথা বলা হয়েছে। এ সময়ে সমুদ্র সমতলের উচ্চতা বেড়েছে প্রতিবছর ৩ মিলিমিটার, যা বিগত শতাব্দীর চেয়ে দ্বিগুণ।