দক্ষিণাঞ্চলে আট জুলাই থেকে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

বাস মালিক শ্রমিক নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে আগামী আট জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দিয়েছে বরিশাল জেলা বাস মালিক সমিতি ও জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন। গতকাল বুধবার সকালে বাস মালিক সমিতি ও জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের মধ্যে অনুষ্ঠিত যৌথসভায় এ ধর্মঘটের সিদ্ধান্ত নেয়া হয়। ধর্মঘটের জন্য নগরীসহ জেলার ১০ উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে পোস্টার লাগানো হয়েছে। ধর্মঘটের কারণে বরিশালসহ ছয়টি জেলার ১৫টি রুটের সকল বাস চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন বাস মালিক সমিতির সভাপতি আফতাব হোসেন। তিনি বলেন, ২০১১ সালের ১ ফেব্রুয়ারি নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্ল¬াবাদে পরিবহন শ্রমিকদের সঙ্গে র্যাব-পুলিশের সংর্ঘষের ঘটনায় দায়ের করা মামলা প্রত্যাহার না করায় এ ধর্মঘটের সিদ্ধান্ত নেয়া হয়েছে।