মাগুরায় বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষে আহত ৩

জেলা বিএনপি-আওয়ামী লীগের সমর্থকদের হামলা-পাল্টা হামলায় গতকাল বুধবার ৩ জন আহত হয়েছে। এ সময় সমর্থকরা স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারের জানালার কাঁচ ভাঙচুর করে। আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজে ছাত্রদল কর্মী তৌফিক হাসান অমিকে প্রতিপক্ষের লোকেরা কুপিয়ে জখম করে। এর কিছুক্ষণ পর বিএনপির সমর্থকের একটি গ্রুপ জেলা আওয়ামী লীগের সদ্য প্রয়াত সভাপতি ও পৌর মেয়র আলতাফ হোসেনের বাড়িতে হামলা চালিয়ে বাড়ির কেয়ারটেকার সঞ্জিত বিশ্বাসকে জখম করে। এ ঘটনার পর শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিকালে শহরের কেশব মোড় এলাকায় একটি ডায়াগনস্টিক সেন্টারে হামলার ঘটনা ঘটে। সেখানে ওষুধের দোকানের কর্মচারী সুদেব কুমার নামে এক যুবক আহত হয়। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করে বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।