ড. ইউনূসের সঙ্গে
রবিবার বৈঠক
করবেন বি চৌধুরী
প্রকাশ : ০৩ জুলাই ২০১৩, ২২:৪৬
দেশের একমাত্র নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বিকল্পধারা প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী। আগামী রবিবার মিরপুরে গ্রামীণ ব্যাংক ভবনে স্থাপিত ইউনূস সেন্টারে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। গ্রামীণ ব্যাংকের উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করা ছাড়াও ড. ইউনূসের প্রতি সংহতি জানাবেন বি. চৌধুরী। বৈঠক শেষে দু’জন যৌথভাবে সংবাদ সম্মেলন করবেন। তাতে বি. চৌধুরী দেশ বাঁচাতে ড. ইউনূসকে এগিয়ে আসার জন্য আহ্বান জানাবেন।
জানা গেছে, ইউনূস সেন্টারের দুই প্রতিনিধি গত সোমবার রাতে বি. চৌধুরীর সঙ্গে তার বারিধারার বাড়িতে সাক্ষাত্ করেন। সেখানেই রবিবারের কর্মসূচি চূড়ান্ত হয়। ওই বৈঠকে ইউনূস সেন্টারের প্রতিনিধিদ্বয় গ্রামীণ ব্যাংকের অখণ্ডতা রক্ষায় এগিয়ে আসার জন্য বি. চৌধুরীর প্রতি অনুরোধ জানান। জবাবে তিনি তাদের বলেছেন, আমরা গ্রামীণ নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র ও খণ্ড-বিখণ্ড করার বিরুদ্ধে, তবে একইভাবে ড. ইউনূসকেও দেশের প্রয়োজনে এগিয়ে আসতে হবে। বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার পক্ষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির একটি প্রতিনিধি দলও কয়েকদিন আগে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাত্ করে গ্রামীণ ব্যাংকের অখণ্ডতার প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করে।