মৌলভীবাজারে ব্যবসায়ী অপহরণ, মুক্তিপণ দাবি

মৌলভীবাজার শহরের ব্যবসায়ী মজিদুর রহমান একলিমকে (৪৫) অপহরণ করেছে সন্ত্রাসীরা। তিনি লেইক রোডস্থ একলিম সাউন্ড সার্ভিসের মালিক। অপহরণের পর মোবাইল ফোনে তার স্ত্রীর কাছে নয় লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা। অপহূত ব্যবসায়ীর স্ত্রী জুলেখা জানিয়েছেন, গত ৩০ জুন রবিবার সন্ধ্যায় বাসা থেকে ব্যবসায়িক কাজে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে বের হন মজিদুর রহমান একলিম। তারপর আর ফিরে আসেননি। ঐদিন দিবাগত রাত সাড়ে ১২টায় তার স্ত্রীর মোবাইলে অপহরণকারীরা মুক্তিপণ দাবি করে। ব্যবসায়ীর স্ত্রী অভিযোগ করেছেন পুলিশ ও র্যাবের কাছে গিয়ে তিনি কোন সহযোগিতা পাচ্ছেন না। তবে মডেল থানার ওসি আজিজুর রহমান জানিয়েছেন, ঘটনাস্থল শ্রীমঙ্গল হলেও মৌলভীবাজার থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। এদিকে অপহরণকারীরা পৃথক দুটি মোবাইল ফোন থেকে বিভিন্ন সময় মুক্তিপণের টাকা দাবি করছে। সর্বশেষ মঙ্গলবার বিকাল সাড়ে চারটায় একলিমের স্ত্রীকে মুক্তিপণের নয় লাখ টাকা নিয়ে চট্টগ্রাম রেলস্টেশনে যাবার কথা বলে ফোন বন্ধ করে দেয়।