জলাবদ্ধতা নিরসনে প্রধানমন্ত্রীর সহায়তা চান চট্টগ্রাম মেয়র

মহানগরীতে জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম সিটি করপোরেশনের নেয়া বিভিন্ন প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর সহায়তা কামনা করেছেন সিটি মেয়র এম মনজুর আলম। চট্টগ্রামের উন্নয়নের দায়িত্ব প্রধানমন্ত্রী নিজেই নিয়েছেন। তাই চট্টগ্রামের উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে যেসব প্রকল্প মন্ত্রণালয়ে রয়েছে সেগুলোর ব্যাপারে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি দেয়া উচিত। গতকাল বুধবার চট্টগ্রামের উত্তর পাঠানটুলী ওয়ার্ড মহল্ল¬া উন্নয়ন কমিটির উদ্যোগে ওয়ার্ড কাউন্সিলর নির্বাচনের ৩ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন। স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন মোহাম্মদ সিরাজুল ইসলাম। এ সময় নগর বিএনপি নেতা মো. শামসুল আলম ও ডা. শাহাদাত হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।