মওদুদী-জামাত ফেত্নার স্বরূপ

গ্রন্থ পর্যালোচনা ‘মওদুদী-জামাত ফেত্নার স্বরূপ’ সংকলন ও সম্পাদনা : আনোয়ার কবির প্রচ্ছদ : জসিম উদ্দিন প্রকাশক : ইসলামিক ফাউন্ডেশন মূল্য : ১২০ টাকা ইসলামিক ফাউন্ডেশনের মাসিক অগ্রপথিক পত্রিকার প্রধান সম্পাদক বিশিষ্ট সাংবাদিক আনোয়ার কবিরের সংকলন ও সম্পাদনায় ‘মওদুদী-জামাত ফেত্নার স্বরূপ’ সংকলন গ্রন্থটি মওদুদীবাদের ফেত্না ও জামাতে ইসলামকে নিয়ে একটি অপরিহার্য গ্রন্থ। গ্রন্থটির প্রবন্ধগুলোকে তিনটি অংশে ভাগ করা যায়—ক. মওদুদীর ফেত্না খ. মওদুদীর মতবাদ সম্পর্কে ফতোয়া ও বিবৃতি গ. মওদুদীর প্রতিষ্ঠিত রাজনৈতিক দল জামাতের অপতত্পরতা। মওদুদী তার প্রণীত আল কুরআনে তাফসিরে ও বিভিন্ন লেখায় মহান আল্লাহতালা, মহানবী হযরত মুহাম্মদ (সা), পূর্ববর্তী নবী-রাসূলগণ, খোলাফায়ে রাশেদীন, সাহাবায়ে কিরাম, অলি-আউলিয়া, গাউস-কুতুব, সুফি সাধকগণ সম্পর্কে যেসব অশালীন মন্তব্য করেছেন, সেসব বিষয়ে দেশ-বিদেশের প্রখ্যাত হাক্কানী আলেম সমাজের গবেষণালব্ধ ফলাফল ও প্রতিক্রিয়াসমৃদ্ধ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ এ সংকলনে স্থান পেয়েছে। এই গ্রন্থে মওদুদী জামাত সম্পর্কে উপমহাদেশের আলেম সমাজ কর্তৃক প্রণীত কয়েকটি গুরুত্বপূর্ণ ফতোয়া ও বিবৃতি সংকলিত হয়েছে। কয়েকটি প্রবন্ধে ব্রিটিশ-পাকিস্তান-বাংলাদেশ আমলে জামাতের অপরাজনীতির বেশ কিছু দিক উঠে এসেছে। এছাড়াও পরিশিষ্টে সম্মিলিত আলীয়া-কওমী পীর-মাশায়েখ পরিষদ কর্তৃক সম্প্রতি প্রচারিত ‘জামাত-শিবিরের অপপ্রচার থেকে সতর্ক থাকার আহ্বান’, ‘এক নজরে মওদুদী’, ‘মওদুদীর ফেত্না নিয়ে বিভিন্ন ভাষায় প্রকাশিত বইয়ের তালিকা’ এবং ‘মওদুদীর ফেত্না নিয়ে বিভিন্ন ফতোয়ার কয়েকটি প্রমাণপত্র’ স্থান পেয়েছে। এসব বিষয় সমসাময়িক পাঠকদের সামনে তুলে ধরার জন্য প্রকাশক, সম্পাদক, ইসলামিক ফাউন্ডেশনকে সাধুবাদ জানাই।