স্পোর্টস ডেস্ক
ইংল্যান্ডে যখন বিশ্বকাপ, তখন বার্মি আর্মিরা যে অস্ট্রেলিয়াকে এক বিন্দুও ছাড় দেবে না সেটা বিশ্বকাপ শুরুর আগেই তারা বুঝিয়ে দিলেন। সম্প্রতি নিজেদের টুইটার থেকে ওয়ার্নারকে প্রতারক বলেও মন্তব্য করেছেন ইংল্যান্ডের এই সমর্থক গোষ্ঠী।
টুইটারে তারা অনেকগুলো ছবি পোস্ট করেছে। একটিতে দেখা যাচ্ছে অস্ট্রেলিয়ার বিশ্বাকাপের হলুদ জার্সি পরনে ডেভিড ওয়ার্নার। তবে ফটোশপ করে বল টেম্পারিংয়ের মূল হোতা ওয়ার্নারের জার্সিতে অস্ট্রেলিয়া লেখা স্থানটা মুছে দিয়ে ব্রিটিশ সমর্থক গোষ্ঠী লিখে দিয়েছে ‘প্রতারক’। বুকের ওপর ওই লেখা আবার নিজেই দুই হাত দিয়ে দেখাচ্ছেন ওয়ার্নার!
শুধু ওয়ার্নারই নয়, বার্মি আর্মির আক্রমণের শিকার হয়েছেন মিচেল স্টার্ক ও নাথন লিঁও। এই দুই বোলারের ছবিতে হাতে বলের জায়গায় ফটোশপ করে ঢোকানো হয়েছে স্যান্ড পেপারের রোল (শিরিষ কাগজ)। এই স্যান্ড পেপার দিয়েই বল বিকৃত করার অভিযোগ উঠেছিল ওয়ার্নার, স্মিথ ও ব্যাঙক্রফটের বিরুদ্ধে। পোস্টটির ক্যাপশনে লেখা, ‘ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) তাদের খেলোয়াড়দের ছবি প্রকাশ করেছে।’
কেপটাউনে কুখ্যাত স্যান্ডপেপার গেটের জন্যই মূলত ওয়ার্নারকে এভাবে কটাক্ষ করা হয়েছে। ঘটনার সূত্রপাত গত বছর মার্চে। সেবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ চলাকালে বল টেম্পারিংয়ে জড়ান ক্যামেরন ব্যাঙক্রফট। টেলিভিশন ক্যামেরায় সেই দৃশ্য স্পষ্ট ধরা পড়ে। দেখা যায় শিরিষ কাগজ দিয়ে ঘষে তিনি বলের আকৃতি নষ্ট করার চেষ্টা করেন। যদিও, মূল পরিকল্পনায় ছিলেন তখনকার অধিনায়ক ও সহ-অধিনায়ক স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার। এই ঘটনায় ক্রিকেট বিশ্ব নড়েচড়ে বসে। এখান থেকেই স্যান্ডপেপার গেট কেলেঙ্কারি কথাটি আসে। ক্রিকেট অস্ট্রেলিয়াও (সিএ) ক্ষেপে যায়। এক বছরের জন্য সংস্থাটি নিষিদ্ধ করে স্মিথ ও ওয়ার্নারকে। ব্যাঙক্রফট নিষিদ্ধ হন ছয় মাসের জন্য। সবার শাস্তিই একটু বেশি হয়েছে বলে মন দিয়েছিলেন অনেক ক্রিকেট বোদ্ধাই। শাস্তির মেয়াদ কমে আসারও আভাস পাওয়া গিয়েছিল। যদিও, মন গলেনি সিএর। শাস্তির পুরোটাই ভোগ করতে হয়েছে এই ক্রিকেটারদের। তবে, এই সবই এখন অতীত। তিনজনই ক্রিকেটে ফিরেছেন। আর স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার আছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপের দলেও। আগামী এক জুন আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ ধরে রাখার মিশন শুরু হবে অজিদের। ম্যাচটি হবে ব্রিস্টলে।
বিশ্বকাপের আগে ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথ ফেরায় বেশ চাঙ্গা আছে দলটি। অস্ট্রেলিয়ার টপ-অর্ডারটা এখন বেশ যুত্সই। ওপেনিংয়ে অধিনায়ক অ্যারন ফিঞ্চের সাথে থাকবেন ডেভিড ওয়ার্নার। তিনে খেলবেন স্টিভেন স্মিথ।