ব্রিটেন থেকে বহিষ্কার হচ্ছেন জর্ডানের কট্টরপন্থি নেতা আবু কাতাদা

জর্ডানের কট্টরপন্থি ধর্মীয় নেতা আবু কাতাদাকে আগামী রবিবার ব্রিটেন থেকে বহিষ্কার করছে সরকার। জর্ডান সরকারের সাথে ব্রিটেনের বন্দি বিনিময় চুক্তির মধ্য দিয়ে আবু কাতাদার জর্ডানে ফেরার মামলাটির অবসান ঘটলো।—খবর ডন ডটকমের। জর্ডান সরকারের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বুধবার বলেন, আমরা আশা করছি আগামী রবিবার আবু কাতাদা ব্রিটেন ত্যাগ করবেন এবং একই দিনে জর্ডানের উদ্দেশ্যে রওনা দেবেন। তিনি আরো জানান, ব্রিটিশ এবং জর্ডান নিরাপত্তা কর্মীদের তত্ত্বাবধানে একটি সামরিক বিমানে করে কাতাদাকে জর্ডানে আনা হবে। ১৯৯৯ সালে ফিলিস্তিনি বংশোদ্ভূত আবু কাতাদার অনুপস্থিতিতে জর্ডান সরকার তার বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেয়। এছাড়া ২০০০ সালের ১ জানুয়ারি বিভিন্ন স্থানে সিরিজ বোমা বিস্ফোরণের পরিকল্পনার অভিযোগে আরো ১৫ বছরের কারাদণ্ডাদেশ দেয়া হয়। আর ব্রিটেনে যাওয়ার পর কাতাদাকে আল কায়েদার তাত্ত্বিক পরামর্শদাতা মনে করতো ব্রিটিশ প্রশাসন। কোন অভিযোগ ছাড়া ব্রিটেন পুলিশ ২০০২ সালে তাকে আটক করে নজরবন্দি করে রাখে।