মার্কিন ড্রোন হামলার তীব্র নিন্দা পাকিস্তানের

আফগান সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তানের মিরানশাহে মার্কিন ড্রোন হামলায় ১৭ জন নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান। বুধবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এ ব্যাপারে বিবৃতি দেন। তিনি বলেন, ড্রোন হামলা পাকিস্তানের সার্বভৌমত্ব ও সংহতির লংঘন। বেসামরিক নাগরিকদের হতাহতের এই ঘটনা অমানবিক। পাকিস্তান অবিলম্বে ড্রোন হামলা বন্ধের জন্য বার বার তাগাদা দিয়ে আসছে যুক্তরাষ্ট্রকে। বুধবার ভোরে চালকবিহীন বিমান থেকে ওয়াজিরিস্তানের একটি বাড়িতে হাক্কানি নেটওয়ার্কের যোদ্ধারা অবস্থান করছে সন্দেহে চারদফা মিসাইল হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্র হাক্কানি নেটওয়ার্ককে অন্যতম দুর্ধর্ষ জঙ্গিগোষ্ঠি হিসেবে বিবেচনা করে থাকে। প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ক্ষমতা নেয়ার পর এটি দ্বিতীয় ড্রোন হামলা।