সংবাদ কণিকা
প্রকাশ : ০৪ জুলাই ২০১৩, ২০:৫২
ইউরোপ ছাড়তে চায় তরুণরা !
জার্মানি ও ইংল্যান্ডসহ ইউরোপের বিভিন্ন দেশ অনেকের কাছে স্বপ্নের ঠিকানা হলেও মন্দার কারণে এখন এসব দেশের তরুণরা আর সেখানে থাকতে চায় না। ভাগ্য পরিবর্তনের জন্য তারা অন্যত্র ছুটছে। আশ্চর্যজনকভাবে অনেকেরই পছন্দের স্থান হয়ে দাঁড়িয়েছে ল্যাটিন আমেরিকা। বর্তমানে ইউরোপে বেকারের সংখ্যা ৫৬ লাখ। এই সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। এ অবস্থায় তারা তাদের চিন্তা-ভাবনা পরিবর্তন করে ইউরোপের বাইরে নিজেদের ভবিষ্যত্ ঠিক করতে চাইছে। -ডয়চে ভেলে
উদ্ভিদও অংক কষে!
উদ্ভিদও অংক কষে! বিষয়টি শুনলে হয়তো অনেকেই হতচকিত হয়ে যাবেন। সমপ্রতি এক গবেষণায় এমনই তথ্য বেরিয়ে এসেছে। এতে বলা হয়েছে জটিল গাণিতিক সমস্যার সমাধানের মধ্যদিয়ে উদ্ভিদ নির্ণয় করে, রাতের জন্য তার পর্যাপ্ত খাবার আছে কি না। যুক্তরাজ্যের জন ইনস সেন্টারের গবেষকরা উদ্ভিদ নিয়ে এ গবেষণাটি করেন। গবেষণায় জানা যায়, উদ্ভিদ প্রতিদিন গাণিতিক সমস্যা সমাধান করে রাতে তার কী পরিমাণ শক্তি সঞ্চিত রাখতে হবে সে বিষয়টি বের করে। এভাবে উদ্ভিদরা রাতের বেলাতেও নিজেদের ভারসাম্য বজায় রাখে। - রয়টার্স
সতীর্থের বুকে ছুরি
সতীর্থের বুকে ছুরি চালাল দশম শ্রেণীর এক ছাত্র। সামনের বেঞ্চে বসা নিয়ে সহপাঠীর সঙ্গে তর্ক-বিতর্কের জেরে এ ঘটনা ঘটে। বুধবার কলকাতার চারু মার্কেট থানা এলাকার একটি স্কুলে এ ঘটনা ঘটে। উপস্থিত ছাত্ররা জানায়, তাদের সহপাঠী গুলশান সাহু ও নীতিশ কুমারের সঙ্গে বসা নিয়ে উভয়ের মাঝে হাতাহাতি ও ধস্তাধস্তি হয়। একপর্যায়ে নীতিশ তার ব্যাগ থেকে ফল কাটা ছুরি বের করে গুলশানের বুকে বিদ্ধ করে। এতে গুলশান আহত হলে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। -পিটিআই