বিমানবন্দরে হীরার অলঙ্কার উদ্ধার, গ্রেফতার ১
প্রকাশ : ০৪ জুলাই ২০১৩, ২২:১০
হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ কোটি টাকা মূল্যের হীরার অলঙ্কারসহ এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। ওই ব্যক্তির নাম রাজেশ। তাকে ৭ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
কাস্টমসের সহকারী কমিশনার সমপ্রীতি প্রমাণিক জানান, বুধবার রাতে এয়ার ইন্ডিয়ার ২৩০ নম্বর ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন ভারতীয় নাগরিক রাজেশ। তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় তার ব্যাগ ও শরীরে তল্লাশি চালিয়ে প্রায় ৭শ’ গ্রাম ওজনের হীরার অলঙ্কার উদ্ধার করা হয়। তিনি ওই অলঙ্কারের কোনো কাগজপত্র দেখাতে পারেননি।
বৃহস্পতিবার এই ঘটনায় বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এরপরই তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সম্প্রীতি প্রামাণিক বলেন, উদ্ধারকৃত অলঙ্কারের বাজার মূল্য তিন কোটি টাকারও বেশি। অলঙ্কার কাস্টমস কর্তৃপক্ষের কাছে রক্ষিত রয়েছে বলে জানান তিনি।
বিমানবন্দর থানা জানান, রাজেশ কোনো আন্তর্জাতিক চোরাচালানি চক্রের সাথে জড়িত কিনা বা বাংলাদেশে কাদের সাথে তার ব্যবসার সম্পর্ক রয়েছে তা জানতে ৭ দিনের রিমান্ড আবেদন জানিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।