নাহিদার ঘূর্ণিতে শেখ রাসেলের জয়

নারী ক্রিকেট

 স্পোর্টস রিপোর্টার

ঢাকা প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট লিগে গতকাল জয় পেয়েছে শেখ রাসেল স্পোর্টস ডেভলপমেন্ট একাডেমি ও বিকেএসপি। গতকাল শেখ রাসেল ১০ উইকেটে পরাজিত করেছে গুলশান ইয়ুথ ক্লাবকে। অপর ম্যাচে বিকেএসপি ৭১ রানে জিতেছে বাংলাদেশ আনসার-ভিডিপির বিরুদ্ধে।

গতকাল বিকেএসপির তিন নম্বর মাঠে শেখ রাসেলের বোলিং তোপে ৪০.৫ ওভারে ৭৬ রানে অলআউট হয়ে যায় গুলশান ইয়ুথ ক্লাব। শেখ রাসেলের লেগ স্পিনার নাহিদা আক্তার ১৪ রানে পাঁচটি, খাদিজাতুল কোবরা তিনটি উইকেট নেন। গুলশান ইয়ুথের তমালিকা ৩২, জিন্নাতুন নেসা ১৩ রান করেন। জবাবে ১৪.২ ওভারে বিনা উইকেটে ৭২ রান তুলে ম্যাচ জিতে নেয় শেখ রাসেল। শায়লা শারমিন অপরাজিত ৫৭, সাই পুরানদারে অপরাজিত ১৮ রান করেন। নাহিদা আক্তার ম্যাচ সেরা হন।

একই ভেন্যুর চার নম্বর মাঠে আগে ব্যাট করে ৪৮.২ ওভারে ১৬৯ রানের পুঁজি গড়ে বিকেএসপি। ফারজানা আক্তার ৫১, মুর্শেদা আক্তার হ্যাপি ৪৬, সোবহানা মোস্তারি ২৮ রান করেন। আনসার-ভিডিপির লিলি রানী বিশ্বাস ২২ রানে পাঁচটি, পান্না ঘোষ তিনটি উইকেট নেন। জবাবে ৩৯ ওভারে ৯৮ রানে গুটিয়ে যায় আনসার-ভিডিপির ইনিংস। শোভা খানম ১৮, লিলি রানী বিশ্বাস ১৫, আয়েশা ১২ রান করেন। বিকেএসপির সানজিদা আক্তার তিনটি, সানজিদা জান্নাত ও জান্নাতুল ফেরদৌস দুটি করে উইকেট পান। দল হারলেও আনসার-ভিডিপির লিলি রানী বিশ্বাস ম্যাচ সেরা হন।