ভেজাল খাদ্যের কারণে গাভীর প্রজনন ও দুধ উত্পাদন ক্ষমতা কমছে

বিষাক্ত কেমিক্যাল মিশ্রিত ভেজাল তরল দুধ ও গোখাদ্যে নীলফামারী জেলার সৈয়দপুরের বাজার সয়লাব হয়ে গেছে। মেলামাইনযুক্ত বিদেশি গুঁড়াদুধের সাথে রয়েছে বাজারে বিষাক্ত ফরমালিনযুক্ত ভেজাল তরল দুধ। সরকারিভাবে উত্পাদিত মিল্ক ভিটার তরল ও গুঁড়াদুধ মানসম্মত হলেও তা চাহিদার তুলনায় বাজারে খুবই অপ্রতুল। বর্তমানে দেশের মোট চাহিদার শতকরা ১০ ভাগ দুধ সরকারিভাবে উত্পাদিত হয়। দেশে অবশিষ্ট দুধ বেসরকারি খামার, ফড়িয়া ব্যবসায়ীরা বাজারজাত করলেও এর সঠিক মান নিয়ন্ত্রণের কোন ব্যবস্থা নেই। অধিক মুনাফার আশায় একশ্রেণীর ফড়িয়া ব্যবসায়ী দুধেও নির্দয়ভাবে বিষাক্ত কেমিক্যাল ও নানা ভেজাল মিশিয়ে তা জেলার বিভিন্ন বাজারে প্রকাশ্যে বিক্রি করছে। একদিকে নকল ও ভেজাল দুধ খেয়ে মানব স্বাস্থ্য যেমন হুমকির মুখে পড়েছে, অপরদিকে ভেজাল গোখাদ্য খেয়ে গাভীগুলোর প্রজনন ও দুধ উত্পাদন ক্ষমতা ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। সব মিলিয়ে মানুষের সাথে সাথে গো-সম্পদেরও অস্তিত্ব এখন হুমকির মুখে।