কমলগঞ্জে ঝুঁকিপূর্ণ সেতুতে চলাচল বন্ধ

কমলগঞ্জ থানার অদূরে ধলাই নদীতে পুরাতন লোহার সেতুর সন্নিকটে দীর্ঘদিন যাবত্ অপরিকল্পিতভাবে বালু উত্তোলিত করায় সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তাই হেলে যাওয়া সেতুটির উপর দিয়ে যানবাহন ও জনসাধারণের চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। উপজেলা প্রশাসন গত সোমবার থেকে এ সেতুটি পরিত্যক্ত ঘোষণা করে দুই দিকে পাকা খুঁটি স্থাপন করে চলাচল বন্ধ করে দেয়। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান, বালু মহালদারের লোকজন দীর্ঘদিন যাবত্ অপরিকল্পিতভাবে সেতুর খুঁটির খুব কাছ থেকে নিয়মিতভাবে বালু উত্তোলন করে আসছে। ফলে বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রবল পানির স্রোতে সেতুর পূর্ব প্রান্ত থেকে মাটি ধসে পড়েছে নদীগর্ভে। ফলে লোহার এই সেতুটি হেলে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এই সেতু দিয়ে সাইকেল, রিকশাসহ, স্কুল-কলেজের শিক্ষার্থী ও পথচারীরা নিয়মিত যাতায়াত করতো। কিন্তু হঠাত্ করে সেতুটি বন্ধ করে দেয়ায় জনসাধারণ বিপাকে পড়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, পূর্ব প্রান্ত থেকে মাটি সরে যাওয়ায় সেতুটি হেলে গেছে। সেতুটি কাঁপতে থাকায় এখন চলাচলের উপযুক্ত নয় মনে করেই লোকজন ও সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ করা হয়েছে।