কাজীপুরে নির্মাণাধীন ১ কিমি বাঁধ নদীগর্ভে

বুধবার সকালে কাজীপুর উপজেলার দুর্গম চরাঞ্চল ছিন্না-গোদারবাগ এলাকায় নির্মাণাধীন প্রায় ১ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পানির প্রবল তোড়ে বিলীন হয়ে গেছে। ফলে ভেঙ্গে যাওয়া বাঁধের ভাটিতে অবস্থিত প্রায় ৩৭টি বাড়িঘরের ব্যাপক ক্ষতি হয়। এলাকাবাসী জানান, বন্যার কবল থেকে রক্ষা এবং মুনসুরনগর ও খাসরাজবাড়ী ইউনিয়নের সাথে সড়ক যোগাযোগ সৃষ্টির লক্ষ্যে চলতি বছরের শুরুতে বাঁধটির নির্মাণ কাজ শুরু করা হয়। নির্মাণ কাজ শেষ করার আগেই যমুনা নদীতে পানি বৃদ্ধির ফলে বাঁধটি হুমকির মুখে পড়ে। বুধবার সকালে পানির প্রবল তোড়ে পুরো বাঁধটি বিলীন হয়ে যায়। এ ব্যাপারে মুনসুরনগর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান, প্রয়োজনীয় সংখ্যক বালির বস্তা ড্যাম্পিং না করার কারণে পুরো বাঁধটি বিলীন হয়ে গেছে।