রায়ের পরও কুবিতে যোগদান করতে পারছেন না রেজিস্ট্রার
কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
প্রকাশ : ০৪ জুলাই ২০১৩, ২২:১৭
আদালতের রায়ের দেড় মাস পার হলেও স্বপদে যোগদান করতে পারেননি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মজিবুর রহমান মজুমদার। দীর্ঘ আইনি লড়াইয়ের পর গত ১৫মে বিচারপতি মির্জা হোসেন হায়দার ও বিচারপতি খুরশিদ আলমের সমন্বয়ে হাইকোটের দ্বৈত বেঞ্চ তাকে স্বপদে বহাল রাখার আদেশ দেন। তখন স্বপদে যোগদান করতে গেলে তাকে উপাচার্য অফিস থেকে পরে যোগাযোগ করতে বলা হয়। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, প্রশাসনিক বিশৃঙ্খলা ও বিশ্ববিদ্যালয়ের আর্থিক ক্ষতির অভিযোগে ২০০৯ সালের ১২ অক্টোবর মুজিবুর রহমানকে ওএসডি করা হয়। পরে কর্তৃপক্ষ ২০১১ সালে তাকে রেজিস্ট্রার পদ থেকে সরিয়ে পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের উপ-পরিচালক পদে দায়িত্ব দেন। ঐ পরিস্থিতিতে ২০১১ সালের ১২ মে মজিবুর রহমান মজুমদার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন। গত ৩ জুন বিশ্ববিদ্যালয় প্রশাসন সুপ্রিম কোর্টে হাইকোর্টের ঐ আদেশের উপর স্থগিতাদেশ চেয়ে আবেদন করলে তা খারিজ করে দেন মহামান্য সুপ্রিমকোর্ট। মজিবর রহমান মজুমদার বলেন, ‘আমি বিশ্ববিদ্যালয়ের প্রতি অনেক শ্রদ্ধাশীল বলে তাদের কথা মত অপেক্ষা করছি আর তারা আদালতের আদেশ অমান্য করে যাচ্ছে।’ এ বিষয়ে জানার জন্য অনেক চেষ্টা করেও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আমির হোসেন খানের সাথে যোগাযোগ করা সম্ভব হয় নেই।