খুলনায় বিক্ষোভের মুখে জুট মিল বন্ধ
প্রকাশ : ০৪ জুলাই ২০১৩, ২২:১৮
শ্রমিক বিক্ষোভের মুখে বুধবার খুলনার ব্যক্তি মালিকানাধীন সাগর জুট স্পিনিং মিলের উত্পাদন বন্ধ ঘোষণা করা হয়েছে। কর্তৃপক্ষের সঙ্গে বাক-বিতণ্ডার জের ধরে বিক্ষুব্ধ শ্রমিকরা মিলের প্রশাসনিক ভবনের দরজা-জানালা ব্যাপক ভাংচুর করে। এ সময় পুলিশের লাঠিচার্জে চারজন শ্রমিক আহত হয়। এরা হলো সুজন— মিলন, সাজ্জাদ ও সজিব। মিল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে মজুরি বৃদ্ধির জন্য দাবি করে আসলেও মিল কর্তৃপক্ষ এ ব্যাপারে কোন পদক্ষেপ গ্রহণ করেনি। সরকার শ্রমিকদের মজুরি বৃদ্ধির ব্যাপারে কমিশন গঠন করলেও তা বাস্তবায়ন হয়নি। বর্তমানে শ্রমিকরা সাপ্তাহিক মাত্র ৯৬০ টাকা মজুরি পাচ্ছে। তারা আসন্ন রমজান ও ঈদের আগে সাপ্তাহিক মজুরি হিসাবে ১ হাজার ৩৬০ টাকা প্রদানের দাবি জানান। কিন্তু মিল কর্তৃপক্ষ এ মজুরি দিতে গড়িমসি করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।