১৪ বছর পর ডোমার আওয়ামী লীগের কাউন্সিল হবে কাল

কাউন্সিল ঘিরে উত্সাহ-উদ্দীপনা তৈরি হলেও নেতা-কর্মীদের মাঝে রয়েছে উত্কণ্ঠা। দীর্ঘ ১৪ বছর পর আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে নীলফামারীর ডোমার উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল। সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ এবং ভোটারদের কাছেটানার কৌশলে প্রাণ ফিরে পেয়েছে স্থানীয় রাজনীতি। দলীয় সূত্র জানায়, আগামীকাল শনিবার ত্রি-বার্ষিক কাউন্সিলে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান নূর প্রধান অতিথি এবং আওয়ামী লীগের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ভোগডাবুড়ি ইউনিয়নের সাবেক সভাপতি শরিফুল ইসলাম অভিযোগ করেন, ইউনিয়নের বর্তমান সভাপতি ত্যাগী ও পরীক্ষিত নেতাদের বাদ দিয়ে কাউন্সিলর বানিয়েছেন নিজেদের পথ পরিষ্কার করার জন্য। কিন্তু এটি সাংগঠনিকভাবে নিয়ম-শৃঙ্খলার পরিপন্থি। এছাড়াও কাউন্সিলর বানানো হয়নি ডোমার সদর ইউনিয়নের ৬, ৪ ও ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক, ৯নং ওয়ার্ডের সভাপতি, সম্পাদক ছাড়াও পৌরসভার ৩ ও ৪ নং ওর্য়াড সাধারণ সম্পাদককে। এনিয়ে বুধবার উপজেলার বিভিন্ন স্থানে পোস্টারিং করেছেন কাউন্সিলর হতে না পারা নেতা-কর্মীরা। সূত্র জানিয়েছে প্রতি ইউনিয়ন এবং পৌরসভা থেকে ২১ জন করে মোট ২৪৬ জন ভোটার বানানো হয়েছে কাউন্সিলের জন্য। আহবায়ক রশিদুল ইসলাম মারা যাওয়ায় কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক খায়রুল আলম বাবুল আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন অদ্যাবধি। পরবর্তীতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আহবায়ক কমিটি পুনর্গঠন করে ৫১ সদস্যের কমিটি করে দেন। সেই থেকে আহবায়ক কমিটি দায়িত্ব পালন করে আসছে উপজেলা আওয়ামী লীগের। কিন্তু ইতিমধ্যে আহবায়ক কমিটির ৩ জন বিএনপিতে যোগদান করাসহ মারা গেছেন ১৪ জন। কাউন্সিলে সভাপতি হিসেবে সাবেক রাষ্ট্রদূত আমিনুল হোসেন সরকার, অধ্যাপক খায়রুল আলম বাবুল এবং সাধারণ সম্পাদক হিসেবে মঞ্জুর উল হক চৌধুরী, এনায়েত হোসেন নয়ন, মঞ্জুরুল হক, মুরাদ আলী প্রামাণিক ও তোফায়েল আহমদে প্রার্থিতা ঘোষণা করেছেন।