রূপগঞ্জে ছাত্রীকে পিটিয়ে হত্যা
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ০৪ জুলাই ২০১৩, ২২:২০
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব দক্ষিণপাড়া এলাকায় গতকাল বুধবার সকালে পিটিয়ে ও শ্বাসরোধ করে মৌসুমী আক্তার (১৮) নামের এক কলেজ শিক্ষার্থীকে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। সে স্থানীয় মোকতার হোসেনের মেয়ে ও সিনহা স্কুল এন্ড কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিল। নিহত মৌসুমী আক্তারের মা ফরিদা ইয়াছমিন জানান, এক বছর যাবত্ তারাব উত্তরপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে কাউসার মিয়ার সাথে মৌসুমীর সম্পর্ক রয়েছে। গত কয়েকদিন ধরে কাউসার ও মৌসুমীর মধ্যে বিরোধ দেখা দেয়। এর জেরে বুধবার ভোরে মৌসুমীকে ডেকে নিয়ে হত্যা করেছে বলে তিনি দাবি করেন।
রূপগঞ্জ থানার ওসি আসাদুজ্জামান খান জানান, মৌসুমী আক্তারের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। ঘটনার পর থেকে অভিযুক্ত কাউসার মিয়া ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে।