মেহেরপুরে পানি সরবরাহ প্রকল্প দু’বছর ধরে বন্ধ
প্রকাশ : ০৪ জুলাই ২০১৩, ২২:২৫
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামে গ্রামীণ পানি সরবরাহ প্রকল্প দু’বছর ধরে বন্ধ হয়ে গেছে। ফলে গ্রাহকরা চরম সংকটে পড়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিরাপদ পানি সরবরাহ করতে স্থানীয় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহায়তায় পাইলট প্রকল্প হিসেবে ২০০৬ সালে আমঝুপি ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে আমঝুপি শেখ পাড়ায় পাইপ লাইনের মাধ্যমে গ্রামীণ পানি সরবরাহ প্রকল্প চালু করা হয়। আমঝুপি গ্রামের ১১০টি বাড়িতে এই পানির সংযোগ দেয়া হয়। ইউনিয়ন পরিষদের মাধ্যমে রক্ষণাবেক্ষণ করার কথা থাকলেও বিভিন্ন সময়ে পরিষদের ব্যবস্থাপনা ও তদারকির অভাবে চাহিদার তুলনায় গ্রাহক বৃদ্ধি হয়নি। ফলে বিদ্যুত্ বিল সময়মত পরিশোধ না হওয়ায় ১ লাখ ৭ হাজার টাকা বিদ্যুত্ বিল বকেয়া পড়ে। ফলে মেহেরপুর পল্লী বিদ্যুত্ সমিতি ১ বছর আগে ঐ পাম্প লাইনের বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। অদ্যাবধি সংযোগ না দেয়ায় পানি সরবরাহ বন্ধ থাকায় গ্রাহকরা নানা সমস্যায় পড়েছেন। এ বিষয়ে আমঝুপি ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম জানান, তিনি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পূর্বে এই বিল বকেয়া ছিল। তবে বর্তমানে বিল পরিশোধ করা হয়েছে। বিদ্যুত্ সংযোগ পেলে গ্রাহকরা পুনরায় পানি সরবরাহ পাবে বলে জানান।