রায়পুরায় ন্যায্য মজুরি দাবি করায় ১১ শ্রমিক চাকরিচ্যুত

ন্যায্য মজুরি দাবি করায় চাকরিচ্যুত হতে হলো নরসিংদীর রায়পুরা উপজেলার হাসনাবাদ এলাকায় অবস্থিত খান টেক্সটাইল মিলের ১১ জন শ্রমিককে। ফলে এক সপ্তাহ যাবত্ পরিবার-পরিজন নিয়ে অর্ধাহারে-অনাহারে মানবেতর দিনাতিপাত করছেন তারা। এ ঘটনায় জেলা প্রশাসকসহ স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ দাখিল করেছেন চাকরিচ্যুত শ্রমিকগণ। মনির মিয়া, নাসির মিয়া, রাজু, সহিদ মিয়া, আসাদ মিয়াসহ অন্য শ্রমিকরা জানান, খান টেক্সটাইল মিলে দীর্ঘদিন ধরে শ্রমিকের কাজ করে আসছেন তারা। ইতিপূর্বে তারা তাদের ন্যায্য মজুরি দাবি করে মালিক পক্ষের কাছে। এ নিয়ে দেখা দেয় শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে অসন্তোষ। এক পর্যায়ে এসব শ্রমিকের দাবি না মেনে ২৮ জুন শুক্রবার উল্টো তাদেরকে চাকরিচ্যুত করে মালিকপক্ষ। এ ব্যাপারে ফোনে কথা হয় খান টেক্সটাইল মিলের মালিকপক্ষ মোঃ কামরুজ্জামান খানের সাথে। তিনি বলেন, আমরা কোন শ্রমিককে চাকরিচ্যুত করিনি। আমাদের দেয়া মজুরিতে পোষেনা বিধায় তারা স্বেচ্ছায় চলে গেছে। তাছাড়া আমার জানা মতে ওরা ১১ জন নয় ৬ জন। নরসিংদী জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ মুন্না মিয়া বলেন, আমরা শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে জেলা প্রশাসক মহোদয়কে বিষয়টি লিখিতভাবে অবহিত করেছি।