মেহেরপুরে কিশোরীর শ্লীলতাহানি

অসুস্থ নানীকে সেবা করতে এসে গত ১ জুলাই মেহেরপুর জেনারেল হাসপাতালের পাশের একটি বাড়িতে এক কিশোরীর শ্লীলতাহানির ঘটনা ঘটে। নানীর সাথে দীর্ঘ ১০ দিন হাসপাতালে থাকায় পরিচয় ঘটে সদর উপজেলার সজীবের সাথে। সজীব কৌশলে কিশোরীকে হাসপাতালের পাশের একটি বাড়িতে নিয়ে রাতভর ধর্ষণ করে এবং সকালে কিশোরীকে রুমে রেখে শিকল টেনে পালিয়ে যায়। দুপুরের দিকে কিশোরী দরজায় ক্রমাগত লাথি মারলে বাইরে দেয়া শিকল খুলে যায়। কিশোরী রক্তাক্ত শরীর ও ভেজা ছেঁড়া কাপড় নিয়ে নানীর বাড়িতে চলে আসে। গত বুধবার কিশোরী ও তার বাবা স্থানীয় মানবাধিকার সংগঠন মানব উন্নয়ন কেন্দ্রের নির্বাহী প্রধান আসাদুজ্জামান সেলিমকে বিস্তারিত বলেন। মানবাধিকার সংগঠনের নির্বাহী প্রধান কিশোরীকে মেহেরপুর হাসপাতালে ভর্তি করান। ঘটনা শুনে সদর থানার ওসি রিয়াজুল ইসলাম ও স্থানীয় গণমাধ্যমের কর্মীরা ছুটে আসেন। ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করে কিশোরীকে থানায় নেয়া হয়। সদর থানার ওসি জানান, মেহেরপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে সজীবকে আসামি করে মামলা হয়েছে এবং তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।