কটিয়াদীতে প্রতিপক্ষের আঘাতে এক ব্যক্তি খুন
কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ০৪ জুলাই ২০১৩, ২৩:১৬
কটিয়াদীতে প্রতিপক্ষের আঘাতে এক ব্যক্তি খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দক্ষিণ লোহাজুরী গ্রামে। বৃহস্পতিবার ময়না তদন্ত শেষে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানা যায়, গত সোমবার বিকালে মাটি কাটাকে কেন্দ্র করে শহীদ মিয়া ও একই গ্রামের মঞ্জিল মিয়া গংদের মধ্যে ঝগড়া হয়। এ ঘটনার জের ধরে ঐ দিন বিকালে মঞ্জিল মিয়াসহ ৮/১০জন দা, ছোরা, খুন্তি ইত্যাদি নিয়ে শহীদ মিয়ার বাড়িতে প্রবেশ করে হামলা চালায়। এ সময় শহীদ মিয়ার বড় ভাই মতিউর রহমান প্রতিপক্ষের লোকজনকে বাধা দিলে প্রতিপক্ষের লোকজন মতিউর রহমানের মাথায় ধারালো দা দিয়ে আঘাত করে। এতে মতিউর রহমান মারাত্মকভাবে আহত হয়। আহত ব্যক্তিকে প্রথমে কিশোরগঞ্জ সদর হাসপাতাল পরে বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার রাতে চিকিত্সাধীন অবস্থায় মতিউর রহমান মারা যান। এ ব্যাপারে নিহতের ভাই মঞ্জিল মিয়া বাদি হয়ে ১০ জনকে আসামি করে বুধবার কটিয়াদী থানায় মামলা দায়ের করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।