বৈষম্য দূর করার দাবিতে

কালেক্টরেট সহকারী সমিতির পূর্ণদিবস কর্মবিরতি পালন

পদবি পরিবর্তন এবং বেতন বৈষম্য দূর করার দাবিতে বৃহস্পতিবার বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি দেশের বিভিন্ন স্থানে পূর্ণদিবস কর্মবিরতি পালন করছে। আমাদের সিলেট অফিস জানায়, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও উপজেলা প্রশাসন এবং বিভাগীয় কমিশনারের কার্যালয়ের শতাধিক কর্মচারি কর্মবিরতি কর্মসূচি পালন করেন। সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের কালেক্টরেট সহকারী ফিরোজ আহমদ জানান, দাবি আদায়ের লক্ষ্যে তারা পূর্ণদিবস কমবিরতি পালন করছেন। চট্টগ্রাম অফিস জানায়, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামেও পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি। এ সময় আয়োজিত সমাবেশে বলা হয়, দাবি মানা না হলে শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। জানা গেছে, সমপ্রতি সহকারী তহশিলদার ও তহশিলদারের পদবি পরিবর্তন করে যথারীতি উপ-সহকারী ভূমি কর্মকর্তা এবং সহকারী ভূমি কর্মকর্তা করা হয়েছে। তাদের বেতন স্কেলও পাঁচ ধাপ বাড়ানো হয়েছে। কিন্তু অফিস সহকারী, উচ্চমান সহকারী ও প্রধান উচ্চমান সহকারী পদবিতে কোনো পরিবর্তন করা হয়নি। এসব পদে বেতনও বাড়ানো হয়নি।