পঙ্কজ শরনের সঙ্গে বৈঠক

খালেদার বক্তব্যের লিখিত জবাব দিল ভারত

জাতীয় সংসদে কয়েকদিন আগে বাজেট আলোচনায় অংশ নিয়ে খালেদা জিয়া বিভিন্ন ইস্যুতে ভারতের যে সমালোচনা করেছেন তার লিখিত জবাব দিয়েছে ভারত সরকার। গতকাল বৃহস্পতিবার রাতে গুলশান কার্যালয়ে বিরোধী দলীয় নেতা ও বিএনপি’র চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে বৈঠককালে ভারত সরকারের লিখিত জবাবের একটি চিঠি হস্তান্তর করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরন। রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত এক ঘন্টা অনুষ্ঠিত এ বৈঠকে বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা রিয়াজ রহমানও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে পঙ্কজ শরন সাংবাদিকদের সঙ্গে কোন কথা বলেননি। তবে রিয়াজ রহমান সাংবাদিকদের জানান, কিছু দিন আগে বিরোধী দলীয় নেতা সংসদের দেয়া বক্তব্যে টিপাইমুখ বাঁধ প্রকল্প, সীমান্তে হত্যা, নারায়ণগঞ্জে কন্টেইনার টার্মিনাল নির্মাণ ও তিস্তার পানি বন্টন চুক্তিসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে যেসব অভিযোগ করেছেন তার একটি লিখিত ব্যাখ্যা দিয়েছে ভারত সরকার। হাইকমিশনার বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে জানিয়েছেন, আপনার এ অভিযোগগুলো ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে। এরই প্রেক্ষিতে আমরা এ ব্যাখ্যা দিচ্ছি। খালেদা জিয়া হাইকমিশনারকে বলেছেন, আমরা ভারতের সাথে সম্পর্ক আরো উন্নয়ন চাই। জবাবে হাই-কমিশনার বলেছেন, ভারতও এ সম্পর্কের আরো উন্নতি দেখতে চায়। আলাপকালে হাইকমিশনার জানতে চান, ‘আপনাদের সামনে নির্বাচন একটি বড় ইস্যু। এ নিয়ে আপনারা কি ভাবছেন? ’ খালেদা জিয়া তাকে জানিয়েছেন, তত্ত্বাবধায়ক ছাড়া আমরা কোন নির্বাচনে যাব না। কারণ এ সরকারের অধীনে কোন সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। রিয়াজ রহমান আরো জানান, ভারতের হাইকমিশনার বিএনপি’র চেয়ারপার্সনকে বলেছেন, ‘আপনারা তো ৪টি সিটি কর্পোরেশনের নির্বাচনে জয়লাভ করেছেন।’ এসময় খালেদা জিয়া বলেন, নির্বাচন সম্পূর্ণ সুষুম হলে আমরা আরো বেশি ভোট পেতাম। সীমান্তে হত্যা প্রসঙ্গে খালেদা জিয়া বলেন, ভারত তো বলেছিল এরপরে আর একজনও হত্যা হবে না। এরপরও কেন হত্যা হচ্ছে? এর ব্যাখ্যায় ভারতীয় হাইকমিশনার তাকে জানান, ভারত যখন এ ঘোষণা দিয়েছিল তখন অনেকেই এর সুযোগ নিয়ে অবৈধ অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা করেছে।