আর্থিক দুর্নীতি রোধে চালু হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক ও দুদকের যৌথ বিভাগ
প্রকাশ : ০৪ জুলাই ২০১৩, ২৩:২১
আর্থিক দুর্নীতি প্রতিরোধে বাংলাদেশ ব্যাংক ও দুর্নীতি দমন কমিশন (দুদক) যৌথ বিভাগ চালুর উদ্যোগ নিয়েছে। চলতি মাসেই নতুন এ বিভাগটি চালু করা হতে পারে বলে জানিয়েছেন দুদকের সিনিয়র কমিশনার মো. সাহাবউদ্দিন চুপ্পু। তিনি বলেন, দুদক এবং বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ নীতিগতভাবে সম্মত হয়েছে যে, মানিলন্ডারিং ও আর্থিক দুর্নীতি প্রতিরোধে কাজ করবে। এ সংক্রান্ত সমঝোতা স্মারকের বিষয় নির্ধারণের কাজ প্রায় শেষ পর্যায়ে। আশা করছি এ মাসের মাঝামাঝি বা শেষ দিকে এ বিষয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। এরপরেই বিভাগটি কাজ শুরু করবে।
প্রসঙ্গত, ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টেগ্রিটির (জিএফআই) সর্বশেষ (গত ডিসেম্বর) প্রতিবেদনে উল্লেখ রয়েছে, বাংলাদেশে গত দশ বছরে এক লাখ দশ হাজার কোটিরও বেশি টাকা বিদেশে পাচার হয়েছে। দুর্নীতি ও অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে এ অর্থ স্থানান্তর করা হয়েছে বলে জিএফআইয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পাচার হওয়া এসব টাকা ফেরত আনতেই দুদক ও বাংলাদেশ ব্যাংক যৌথ উদ্যোগ নিয়েছে বলে সূত্র জানিয়েছে।
দুদক কমিশনার মো. সাহাবউদ্দিন চুপ্পু আরো বলেন, বিভাগটি মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০০২-এর আওতায় কাজ করবে। মানিলন্ডারিং ও আর্থিক দুর্নীতির ঘটনা তদন্ত করবে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান দুদক। আর এ বিভাগ পরিচালনার ব্যয় বহন করা হবে বাংলাদেশ ব্যাংক থেকে।
দুদক জানায়, মানিলন্ডারিং এবং আর্থিক দুর্নীতি প্রতিরোধে গঠিত বিভাগটি দুদকের বিশেষ অনুসন্ধান ও তদন্ত-১ এর অধীনে কাজ করবে। এ বিভাগের ডেস্ক অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন দুদকের উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী। কমিশনের মহাপরিচালক (বিশেষ তদন্ত ও অনুসন্ধান) জিয়াউদ্দিন আহমেদ ফোকাল পয়েন্ট হিসেবে কাজ করবেন। আর দুদকের হয়ে পুরো বিষয়টি সমন্বয় করবেন দুদকের পরিচালক মো. মনিরুজ্জামান। বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এ বিভাগের প্রধান সমন্বয়কের দায়িত্বে থাকবে।
এদিকে কেন্দ ীয় ব্যাংক সূত্র জানায়, কর্মকাণ্ড পরিচালনার জন্য গাড়ি, কম্পিউটার, ল্যাপটপ, কারিগরি এবং অন্যান্য সহযোগিতা দেবে বাংলাদেশ ব্যাংক। এজন্য নিয়মিতভাবে দুদকের কর্মকর্তাদের প্রশিক্ষণের আয়োজন হবে। এরই মধ্যে বাংলাদেশ ব্যাংক মানিলন্ডারিং কেস ব্যবস্থাপনার জন্য একটি সফটওয়্যার তৈরি করেছে।