আড়াই হাজারে দুই পৌর নির্বাচনে সূক্ষ্ম কারচুপির আশংকা বিএনপি প্রার্থীর
প্রকাশ : ০৪ জুলাই ২০১৩, ২৩:২২
আগামীকাল ৬ জুলাই অনুষ্ঠিতব্য নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুটি পৌরসভার নির্বাচনে ভোট ছিনতাই, কেন্দ্র দখল ও প্রশাসনকে ম্যানেজ করে সূক্ষ্ম কারচুপির আশঙ্কা করছে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী ও দলের জেলা কমিটির নেতারা। তারা অভিযোগ করেছেন, আড়াইহাজারে ২০০৯ সালে অনুষ্ঠিত উপজেলা পরিষদ ও ২০১১ সালে আড়াইহাজারের ইউনিয়ন পরিষদের নির্বাচনে স্থানীয় এমপি প্রশাসনকে ম্যানেজ করে ভোট চুরি করেন। ৬ জুলাইয়ের নির্বাচনেও কারচুপি করা হতে পারে। বৃহস্পতিবার বিকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা এসব অভিযোগ করেন। সম্মেলনে উপস্থিত ছিলেন আড়াইহাজারের সদর পৌরসভার নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী পারভীন আক্তার, বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার, আড়াইহাজার উপজেলা বিএনপি নেতা আনোয়ার হোসেন অনু, নারায়ণগঞ্জ নগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল প্রমুখ। উল্লেখ্য, আগামীকাল ৬ জুলাই আড়াইহাজার ও গোপালদী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।