আন্দামানে জাহাজডুবিতে ১১ বাংলাদেশি নিখোঁজ

আন্দামান সমুদ্র উপকূলে একটি বাংলাদেশি মালবাহী জাহাজডুবির ঘটনায় ১১ নাবিক নিখোঁজ হয়েছেন। এমভি হোপ নামের জাহাজটি মালাক্কা থেকে চট্টগ্রাম আসছিল। বৃহস্পতিবার ভোরে থাইল্যান্ডের রাকাজাই দ্বীপের কাছে সাগরে জাহাজটি ডুবে যায়। থাইল্যান্ডের দক্ষিণে ফুকেট দ্বীপ থেকে ৩২ কিলোমিটার দূরে জাহাজটি ডুবে যাওয়ার পর থাই রাজকীয় নৌবাহিনীর সদস্যরা উদ্ধার কাজ শুরু করে। প্রথম হোপ জাহাজের ১৮ জন নাবিককে একটি লাইভ বোট থেকে উদ্ধার করেন। থাই নৌবাহিনীর ক্যাপ্টেন থাম্মাবুত মারলাই সুকারিন সংবাদ মাধ্যমকে জানান, এখনো ১১ জন নাবিককে খুঁজে পাওয়া যায়নি। নৌবাহিনীর সদস্যরা হেলিকপ্টার দিয়ে উদ্ধার অভিযান শুরু করেছে। বৈরি আবহাওয়ার কবলে পড়ে এই জাহাজডুবির ঘটনা ঘটে। আন্দামানের সমুদ্র উপকূলে বর্তমানে ঢেউ-এর উচ্চতা পাঁচ মিটার। থাই নৌবাহিনীর সিভিল অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক ক্যাপ্টেন থামাওয়াত মারালিসযুকারিন উদ্ধৃত করে ফুকেট গেজেট জানায়, ৯৮ মিটার দীর্ঘ এমভি হোপ বুধবার মধ্যরাতের পর প্রবল ঢেউ ও বৈরী আবহাওয়ার কবলে পড়ে। স্থানীয় সময় রাত প্রায় ৪টার দিকে হোপ থেকে পাঠানো একটি এসওএস বার্তা অস্ট্রেলিয়ার রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টারে পৌঁছায় এবং তারা বিষয়টি ব্যাংককে জানায়। খবর পেয়ে সকালেই হেলিকপ্টার নিয়ে উদ্ধার অভিযান শুরু করে রয়্যাল নেভি। দ্য ন্যাশনাল অনলাইনের প্রতিবেদনে বলা হয়, নৌবাহিনীর সদস্যরা আবু বকর সিদ্দিক নামে ৪০ বছর বয়সী এক বাংলাদেশি নাবিককে সাগর থেকে উদ্ধার করেন। তাকে হেলিকপ্টারে করে ভাশিরা ফুকেট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এছাড়া এমভি বাক্সমুন নামে একটি জাহাজ সাগর থেকে আরো পাঁচজনকে উদ্ধার করে। জাহাজের বাকি ১১ নাবিক হোপ থেকে বেরিয়ে লাইফ বোটে নামতে পারলেও বিকাল পর্যন্ত তাদের খোঁজ পাননি উদ্ধারকারীরা।