‘ওয়েব সিরিজের মাধ্যমে কাজের নতুন ধারা তৈরি হয়েছে’

জনপ্রিয় অভিনেতা গোলাম কিবরিয়া তানভীর। ঈদকে কেন্দ্র করে বর্তমানে টিভি নাটক নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। এছাড়াও ঈদে পর বড়পর্দার কাজ নিয়ে ব্যস্ত হয়ে যাবেন তিনি। সার্বিক এই বিষয়গুলো নিয়ে কথা বললেন বিনোদন প্রতিদিনের সাথে—

শুরুতে এখনকার ব্যস্ততা প্রসঙ্গে জানতে চাই—

ঈদের কাজ নিয়েই চলতি সময়ের ব্যস্ততা চলছে। এরমধ্যে রয়েছে একক নাটক, টেলিফিল্ম ও বিশেষ ধারাবাহিক নাটক।

আপনার ফেসবুক আইডির নাম পরিবর্তন করেছেন, এতে যোগাযোগে কোনো সমস্যা হচ্ছে কি-না?

আমার আইডি হ্যাক হয়েছিল। অনেক সমস্যার মধ্য দিয়ে আইডিটা ফিরে পেয়েছি। তাই নামটা পরিবর্তন করেছি। যোগাযোগের ক্ষেত্রে প্রথমে একটু সমস্যা হতো। কিন্তু যাঁরা পরিচিত তাঁদের সাথে যোগাযোগে কোনো সমস্যা তৈরি হয়নি। এখন সবকিছুই স্বাভাবিক।

এখন অনেকেই নাটকের চেয়ে ওয়েব সিরিজে অভিনয় করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। আপনি বিষয়টিকে কীভাবে দেখেন?

সারাবিশ্বের মতো আমাদের দেশেও ওয়েব সিরিজ এখন বেশ জনপ্রিয়। আমাদের কাজের জন্যও ভালো একটি জায়গা। অনেকদিন ধরে শুটিং হয়, অনেক সময় নিয়ে কাজ করার সুযোগ থাকে। নিজেকে মেলে ধরার সুযোগ থাকে। ওয়েব সিরিজ অনেকটা সিনেমার মতোই, আর এখানে সম্মানীও বেশি। এছাড়া ওয়েব সিরিজের মাধ্যমে কাজের নতুন ধারা তৈরি হয়েছে। তাই ওয়েব সিরিজে কাজ করতে পারলে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি এখন পর্যন্ত ‘ইন্টারনাল গিফট’ শিরোনামে একটি ওয়েব সিরিজে অভিনয় করেছি।

সিনেমার ব্যস্ততা কেমন যাচ্ছে?

গত মাসে রায়হান রাফি পরিচালিত ‘স্বপ্নবাজি’ সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছি। ঈদের আগেই সিনেমার শুটিংয়ের কাজ শেষ করার কথা থাকলেও নানা সমস্যার কারণে এখনো কাজ শুরু হয়নি। তবে ঈদের পরই কাজ শুরু হবে বলে আমি আশাবাদী।

সিনেমা ইন্ডাস্ট্রি প্রসঙ্গে আপনার মন্তব্য—

ইন্ডাস্ট্রির বর্তমান অবস্থা বেশ ভালো। প্রতিনিয়ত প্রতিযোগিতার মাধ্যমে এখানে টিকে থাকতে হচ্ছে। সরকারও নানা নীতি নির্ধারণ করছে চলচ্চিত্র প্রকল্প নিয়ে। সেখানে অনেক গাইড লাইন ও নিয়মের ভেতর দিয়ে সবাইকে যেতে হচ্ছে।

সাক্ষাত্কার:নাজমুল হাসান