পানছড়িতে ইউপিডিএফ জেএসএসের বন্দুকযুদ্ধে নিহত ২, অপহরণ ১
খাগড়াছড়ি প্রতিনিধি ও পানছড়ি সংবাদদাতা
প্রকাশ : ০৪ জুলাই ২০১৩, ২৩:২৫
জেলার পানছড়ি উপজেলার পুজগাং ইউনিয়নে গতকাল বৃহস্পতিবার সকালে ইউপিডিএফ ও জেএসএসের মধ্যে বন্দুকযুদ্ধে ২ জন নিহত হয়েছে। নিহতদের নাম সমীরণ চাকমা(২৫) ও জার্মান চাকমা(২৬)। এ সময় সন্তু চাকমা(২৩) নামে ১ জনকে অপহরণ করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় ১ জন আহত হলেও তার নাম জানা যায়নি। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পুজগাং এলাকায় গতকাল ইউপিডিএফ ও জেএসএস সংস্কারপন্থী দলের কয়েকজন নেতা-কর্মী গোপনে অবস্থান করছিল। খবর পেয়ে সন্তু লারমা সমর্থিত জেএসএসের একটি সশস্ত্র দল তাদের ওপর চোরাগোপ্তা বন্দুক হামলা করে। এরপর প্রতিপক্ষকে পাল্টা গুলি করে ইউপিডিএফ ও জেএসএস সংস্কারপন্থী দলের নেতা-কর্মীরা। এ ঘটনায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সদস্য সমীরণ চাকমা (২৫) ও জেএসএস সংস্কারপন্থী দলের সদস্য জার্মান চাকমা (২৬) গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এছাড়া ঘটনাস্থল থেকে সন্তু চাকমা(২৩) নামে জেএসএস সংস্কারপন্থী দলের এক সদস্যকে জেএসএসের সশস্ত্র সন্ত্রাসীরা অপহরণ করেছে বলে তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
এদিকে সন্তু লারমা সমর্থিত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সদস্যরা ইউপিডিএফের সদস্যদের ওপর হামলা করেছে বলে গতকাল এক বিবৃতিতে দাবি করেছে। সন্তু লারমা সমর্থিত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির খাগড়াছড়ির এক নেতা নামপ্রকাশ না করার শর্তে বলেন, অভ্যন্তরীণ কোন্দলের কারণে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ ও বিজিবি গতকাল ঘটনাস্থলে তল্লাশি করেছে।