এরশাদের ‘আসল’ দোয়া পেলেন আজমত উল্লা
প্রকাশ : ০৪ জুলাই ২০১৩, ২৩:২৬
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের প্রধান দুই মেয়র প্রার্থী ১৪ দল সমর্থিত আজমত উল্লা কিংবা ১৮ দল সমর্থিত প্রার্থী এম এ মান্নান যিনিই জাতীয় পার্টির (এ) চেয়ারম্যান এইচ এম এরশাদের সমর্থন চাইতে গেছেন তাকেই এরশাদ বলেছেন ‘দোয়া করলাম’! এই দোয়ার তর্জমা করতে না পেরে উভয় প্রার্থী ধারণা করে বসেন এরশাদ তাকে সমর্থন দিয়েছেন। এম এ মান্নান সাংবাদিকদের সাথে আলাপকালে সরাসরি তেমন দাবিই করেছিলেন। কিন্তু তারপরেও এরশাদের সমর্থনের প্রসঙ্গটি ছিল ধোঁয়াশাচ্ছন্ন।
কিন্তু ধোঁয়ার মেঘ কেটে গেছে। এরশাদের মৌখিক দোয়া দুইজন পেলেও অন্তরের দোয়া পেয়েছেন আজমত উল্লা। নানা নাটকীয়তার পর তাকেই সমর্থন জানিয়েছেন এরশাদ। তার পক্ষেই কাজ করার জন্য দলের নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন তিনি। এরশাদ বলেছেন, ‘জাপার সমর্থন নিয়ে এতদিন ধূম্রজাল ছিল, এখন আমি আমার অবস্থান স্পষ্ট করলাম।’ গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে একটি ব্যাংকের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই অবস্থান ঘোষণা করেন। তিনি বলেন, আমার সমর্থন নিয়ে অনেকেই অনেক কথা বলছেন। কেউ বলছেন জাপা ১৪ দল সমর্থিত প্রার্থীকে সমর্থন করেছে, আবার কেউ বলছেন ১৮ দলীয় জোট সমর্থিত প্রার্থীকে সমর্থন করেছে। এখন আমি আমার অবস্থান স্পষ্ট করলাম। তিনি বলেন, জাপা এখনো মহাজোটে আছে, যেহেতু আজমত মহাজোট সমর্থিত প্রার্থী, তাই আমরা তাকেই সমর্থন করছি। তিনি আরো বলেন, এম এ মান্নান ও আজমত উল্লা আমার সঙ্গে দেখা করে ‘দোয়া’ চেয়েছিলেন। আমি দুইজনকেই দোয়া করেছিলাম, কাউকে সমর্থন করিনি। তবে মান্নান সাংবাদকিদের বলেছিলেন- দোয়ার পাশাপাশি আমি নাকি তাকে সমর্থনও দিয়েছি। এটা সত্য নয়। মহাজোটে জাপার থাকা না থাকা সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সবকিছুরই রণকৌশল আছে। আমি সবাইকে বলেছি, জাপা অন্য কারো সুবিধার জন্য মহাজোট ছাড়বে না। আমরা কবে মহাজোট ছাড়ব সে সিদ্ধান্ত আমিই নেব।
নাসিমের ধন্যবাদ: মেয়র পদে আজমত উল্লা খানকে সমর্থন দেয়ায় এইচএম এরশাদকে ধন্যবাদ জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসাবে আজমত উল্লাকে সমর্থন দিয়ে এরশাদ সঠিক কাজ করেছেন। গতকাল বৃহস্পতিবার বিকালে গাজীপুরের কাশিমপুর বোর্ডবাজার এলাকায় মণ্ডল গ্রুপের আলিম টেক্সটাইল এবং গিভেন্সি গ্রুপের জাইম টেক্সটাইলের শ্রমিক-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।