আজ থেকে সারাদেশে সিএনজি স্টেশনে ধর্মঘট

আজ শুক্রবার থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য সিএনজি স্টেশনে ধর্মঘট। সিএনজি রিফুয়েলিং এন্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন বৃহস্পতিবার সন্ধ্যায় এই ধর্মঘটের ডাক দেয়। এদিকে সিলেট বিভাগে পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশনে ধর্মঘট চলায় নানা দুর্ভোগে পড়তে হয় সেখানকার মানুষকে। সিএনজি ওনার্স এসোসিয়েশনের সভাপতি জাকির হোসেন নয়ন গতকাল ইত্তেফাককে বলেন, আমাদের দাবি না মানা পর্যন্ত এই ধর্মঘট চলবে। সম্পূর্ণ অন্যায়ভাবে হয়রানি করা হচ্ছে আমাদের। এর প্রতিবাদেই এই ধর্মঘটের সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করেছি। ম্যাজিস্ট্রেটদের হয়রানি বন্ধ এবং অভিযুক্ত ম্যাজিস্ট্রেটকে প্রত্যাহার করার দাবিতে সিলেটের পেট্রোল পাম্প ধর্মঘটের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সারাদেশে সিএনজি স্টেশনে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে মালিক সমিতি। এদিকে পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের সভাপতি নাজমুল হক ইত্তেফাককে বলেন, সিএনজি ধর্মঘটের সাথে আমরাও একাত্ম। সরকার যদি রবিবারের মধ্যে এবিষয়ে সমাধান না করে তবে সোমবার আমাদের কর্মসূচি ঘোষণা করা হবে। হুমায়ূন রশিদ চৌধুরী, সিলেট অফিস থেকে জানায়, সিলেট বিভাগের সকল পেট্রোল পামপ ও সিএনজি ফিলিং স্টেশনে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে এ ধর্মঘট শুরু করেছে সিলেট বিভাগ পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন। সংগঠনের নেতৃবৃন্দ বলছেন, অভিযুক্ত ম্যাজিস্ট্রেটকে প্রত্যাহার না করা পর্যন্ত তাদের ধর্মঘট চলবে। এদিকে ধর্মঘট শুরু হলে সিলেট বিভাগে ১১৪টি পেট্রোল পাম্প ও ৫০টি সিএনজি স্টেশন বন্ধ থাকায় বিভিন্ন স্থানে যানবাহন জ্বালানি সংকটে পড়েছে। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত উদ্ভূত পরিস্থিতির কোন সমাধান হয়নি। অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) এনামুল হাবিব সাংবাদিকদের বলেছেন, বিষয়টির সুরাহার চেষ্টা করা হচ্ছে। গতাকাল বিকালে নগরী ও নগরীর বাইরের পেট্রোল পাম্পগুলোর সামনে অসংখ্য যানবাহন জ্বালানি সংগ্রহের জন্য দীর্ঘ লাইন দিয়ে বসে থাকে। প্রধান সড়ক পর্যন্ত চলে এসেছে লাইন। স্থানে স্থানে আটকা পড়েছেন অনেক যাত্রী। জনজীবনে দেখা দিয়েছে দুর্ভোগ। কোন কোন স্থানে যানবাহন আটকা পড়ে যানজটেরও সৃষ্টি হয়েছে। সংশি¬ষ্টরা জানান, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে পেট্রো বাংলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হাইয়ের নেতৃত্বে মোবাইল কোর্ট সিলেট নগরীর মেন্দিবাগে বেঙ্গল গ্যাসোলিন এন্ড কনভার্সন সেন্টারে অভিযান চালায়। অভিযানকালে তারা প্রতিষ্ঠানটির গত ৫ বছরের হিসাব-নিকাশ দেখতে চায়। এ নিয়ে বিতণ্ডার এক পর্যায়ে মোবাইল কোর্টের সদস্যরা প্রতিষ্ঠানটির দ্বিতীয় তলার অফিস কক্ষের কাগজপত্র তছনছ এবং কয়েকটি চেয়ার উপড়ে ফেলে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়, মোবাইল কোর্টের সদস্যরা তাদের কাছে ৫ লাখ টাকা উেকাচ দাবি করে। এক পর্যায়ে তারা বিষয়টি সিলেট বিভাগ পেট্রোল পামপ ওনার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দকে জানান। খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। ঘটনাস্থল থেকে সিলেট বিভাগ পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের সেক্রেটারী জুবায়ের আহমেদ চৌধুরী জানান, মোবাইল কোর্ট কেবল পেট্রোল পামেপর ডিসপেনসারী এবং মিটার চেক করতে পারেন। খাতাপত্র দেখার এখতিয়ার তাদের নেই। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ম্যাজিস্ট্রেট প্রতিষ্ঠানের ম্যানেজারসহ দুই জনকে আটকের নির্দেশ দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। সেখানে সমবেতরা ম্যাজিস্ট্রেটকে অবরুদ্ধ করে রাখার চেষ্টা চালায়। একপর্যায়ে পুলিশের সহযোগিতায় ম্যাজিস্ট্রেট দৌড়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে জানান জুবের আহমদ। এসোসিয়েশনের সেক্রেটারী জুবায়ের আহমদ চৌধুরী আরো বলেন, ম্যাজিস্ট্রেটের আচরণ ছিল ঔদ্ধত্যপূর্ণ। তিনি প্রতিষ্ঠানের কাছে ৫ লাখ টাকা উেকাচ দাবি করেন। এ কারণে তাকে প্রতিরোধ করতে চেয়েছিলেন সেখানে যারা উপস্থিত ছিল তারা। তিনি বলেন, ম্যাজিস্ট্রেটকে প্রত্যাহার না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে। বেঙ্গল গ্যাসোলিনের মালিক সিলেট মহানগর বিএনপির সভাপতি এম এ হকের ছেলে রিয়াশাদ আজিম হক জানান, মোবাইল কোর্ট তাদের প্রতিষ্ঠানের ম্যানেজারকে আটকে জোরপূর্বক খাতাপত্র দেখার চেষ্টা চালান। এ নিয়ে বিতণ্ডার এক পর্যায়ে তিনি প্রতিষ্ঠানের জিনিসপত্র তছনছ করেন এবং প্রতিষ্ঠানটির কাছে তারা ৫ লাখ টাকা উেকাচ দাবি করেন। কোতয়ালী থানার এস আই রবিউল ইসলাম জানান, মোবাইল কোর্টের সাথে প্রথমে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হাই প্রতিষ্ঠানের কাগজপত্র দেখতে চাইলে দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে ম্যাজিস্ট্রেট ঘটনাস্থল ত্যাগ করেন বলে তিনি জানান। গতকাল সন্ধ্যায় শেষ খবর পাওয়া পর্যন্ত পেট্রোল পাম্প ওনার এসোসিয়েশন নেতৃবৃন্দ বেঙ্গল ফিলিং স্টেশনে অবস্থান করছেন। সেক্রেটারী জুবায়ের আহমেদ চৌধুরী গতকাল সন্ধ্যায় ইত্তেফাককে জানান, তারা তাদের সিদ্ধান্তে অটল। রাত ৯টায় এসোসিয়েশনের সভা আহ্বান করা হয়েছে- সভায় পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।