বি-বাড়িয়ায় দুইপক্ষের সংঘর্ষে এসআইসহ আহত ৪০
প্রকাশ : ০৪ জুলাই ২০১৩, ২৩:২৭
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ করে দুইপক্ষের সংঘর্ষে ইউপি চেয়ারম্যান, পুলিশের এসআই ও ৭ পুলিশ সদস্যসহ অন্তত ৪০ জন আহত হয়েছে। এ সময় হামলাকারীরা দোকানপাট ও বাড়িঘরে ভাংচুর ও লুটপাট চালায়।
উপজেলার পত্তন ইউনিয়নের শ্রীপুর-নোয়াগাঁও গ্রামে ধান লাগানোকে কেন্দ করে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। সংঘর্ষের খবর পেয়ে চম্পকনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হাসান মাহমুদুল কবীরসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়। পরে পুলিশ ৩০ রাউন্ড টিয়ার সেল ও ১৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় হতাহতের ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুলিবিদ্ধ মন্টু মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।