আশরাফুলের ব্যাংক হিসাব তলব

ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে দেশের ক্রিকেট থেকে সাময়িক নিষিদ্ধ জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফুলের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গতকাল বৃহস্পতিবার এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) থেকে ব্যাংকগুলোকে এ নির্দেশনা দেয়া হয়েছে। নির্দেশনায় সংশ্লিষ্ট ব্যাংকে আশরাফুলের লেনদেন এবং স্থিতি জানতে চাওয়া হয়েছে। এনবিআরের দায়িত্বশীল একজন কর্মকর্তা গতকাল ইত্তেফাককে এ তথ্য নিশ্চিত করেছেন। সূত্র জানায়, আশরাফুলের আস্বাভাবিক লেনদেন খতিয়ে দেখতে এনবিআর এ উদ্যোগ নিয়েছে। এই ধারাবাহিকতায় শিগগিরই আরো কয়েকজন বর্তমান ও সাবেক ক্রিকেটারসহ সন্দেহভাজন বিপিএল ক্রিকেট টিমের ফ্র্যাঞ্চাইজিসহ (মালিক) কর্মকর্তারও ব্যাংক হিসাব তলব করা হবে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) একাধিক ম্যাচে ফিক্সিংয়ের অভিযোগ ওঠে আশরাফুলের বিরুদ্ধে। ইতিমধ্যে তিনি নিজেও এ দায় স্বীকার করে নিয়েছেন। এ নিয়ে দেশ-বিদেশের ক্রিকেটাঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) তদন্ত দল (আকসু) ইতিমধ্যে এই ঘটনার তদন্ত করেছে। ধারণা করা হচ্ছে, আগামী আগস্ট নাগাদ এ তদন্তের প্রতিবেদন পাওয়া যাবে।