কয়লা আমদানিতে পিএসআই নিতে হবে

এখন থেকে কয়লা আমদানি করতে প্রি-শিপমেন্ট ইন্সপেকশন (পিএসআই) সার্টিফিকেট নিতে হবে। পিএসআই সার্টিফিকেট ছাড়া ব্যাংকগুলোকে কয়লা আমদানির ঋণপত্র (এলসি) না খোলার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বাংলাদেশ ব্যাংক প্রজ্ঞাপন জারি করে ব্যাংকগুলোকে এ নির্দেশনা দিয়েছে। চলতি অর্থবছর থেকে পিএসআই বাধ্যতামূলক ব্যবস্থা তুলে নিলেও ঐচ্ছিক পিএসআই প্রথা প্রবর্তন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সমপ্রতি অভিযোগ পাওয়া যাচ্ছে যে, আমদানি নীতি আদেশ অমান্য করে বেশি পরিমাণ সালফার যুক্ত কয়লা আমদানি করছে আমদানিকারকরা। কয়লা আমদানির ক্ষেত্রে গ্রাহকের পক্ষে ঋণপত্র স্থাপনকালে আমদানি নীতি আদেশ পরিপালন করছে না। এজন্য কয়লা আমদানির ক্ষেত্রে আমদানিকারকের পক্ষে ঋণপত্র স্থাপনকালে ঋণপত্রে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সার্ভেয়ারের নিকট থেকে ‘সালফারের পরিমাণ ৩ শতাংশের বেশি নেই’ প্রি-শিপমেন্ট সার্টিফিকেটের মাধ্যমে নিশ্চিত করতে হবে। এছাড়া আমদানি নীতি আদেশ ২০১২-২০১৫ এর অন্যান্য নির্দেশনা যথাযথ পরিপালন করতে হবে বলে উল্লেখ করেছে কেন্দ্রীয় ব্যাংক।