মাগুরায় দু’দিনব্যাপী বাউল সম্মেলন অনুষ্ঠিত

মাগুরায় অনুষ্ঠিত হয়েছে দু’দিনব্যাপী লালন, বাউল সম্মেলন ও সাধুগুরু সেবা সংঘ। শুক্রবার বিকালে এ সম্মেলন শেষ হয়। স্থানীয় দোয়ারপার সাহাপাড়া সুফি বাউল সাদুগুরু সেবা সংঘ প্রাঙ্গণে প্রয়াত মহিদুর রহমান চিশতির মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে এ অনুষ্ঠান শুরু হয়েছিল। জেলার বিভিন্ন এলাকা থেকে দু’শতাধিক বাউল সাধক ও শিল্পী অংশগ্রহণ করে। লালন গবেষকরা বাউল দর্শনের উপর আলোচনা করেন। সংগীত পরিবেশন করেন প্রখ্যাত বাউল নিজামউদ্দীন লালনী, অলিয়ার রহমান, নায়েব আলী, মোকাদ্দেস হোসেন, আইয়ুব হোসেন, আলাউদ্দিন আহমেদ, বাউল বিশারত, আব্দুল লতিফ প্রমুখ। শুক্রবার বিকালে বাউল ভোজের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়। বিপুল সংখ্যক লালন ভক্ত, গবেষক ও দর্শক দু’দিনব্যাপী এ অনুষ্ঠান উপভোগ করেন।